ভালুকায় ট্রাকচাপায় নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ভালুকা উপজেলায় ট্রাকচাপায় একজন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া তিনটার দিকে উপজেলার হাজির বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ওই দুর্ঘটনা ঘটে। এতে ট্রাকের চালক ও দুই সহকারীসহ মোট তিনজন গুরুতর আহত হয়েছেন।

নিহত ব্যক্তির নাম শফিকুল ইসলাম (৩৬)। তিনি জামালপুরের দেওয়ানগঞ্জ থানার লঙ্গারচরের মাজম আলীর ছেলে।

ভালুকা হাইওয়ে পুলিশের পরিদর্শক মশিউর রহমান বলেন, জামালপুরের সানন্দবাড়ি থেকে রাজধানীর উদ্দেশে ছেড়ে আসে একটি বাস। ভালুকা উপজেলার হাজির বাজার এলাকায় পৌঁছালে বাসে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পরে সড়কের পাশে বাসটি দাঁড় করিয়ে ত্রুটি সারছিলেন চালক ও তাঁর সহকারীরা। ওই সময় বাসের যাত্রীরা সড়কের পাশে পায়চারি করেন। হঠাৎ একটি ট্রাক এসে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বাসটিকে পেছন থেকে ধাক্কা দেয়। সেখানে ট্রাকের চাপায় বাসের যাত্রী শফিকুল নিহত হন। ট্রাকের ধাক্কা খেয়ে সড়কের পাশে খাদে পড়ে যায় বাসটি। এতে ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে গিয়ে চালক ও দুই সহকারীসহ মোট তিনজন গুরুতর আহত হন। তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মশিউর রহমান আরও বলেন, ট্রাক ও বাসটি জব্দ করা হয়েছে। লাশ হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রয়েছে। পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।