ভালুকায় দরিদ্র মুক্তিযোদ্ধাদের আর্থিক অনুদান
ময়মনসিংহের ভালুকায় অসুস্থ ও দরিদ্র মুক্তিযোদ্ধাদের মধ্যে মোট ৪ লাখ ৬৫ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে। গতকাল রোববার সকালে ভালুকা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের সভাকক্ষে এ অনুদান দেওয়া হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার বাজার ইজারার টাকা থেকে শতকরা চার ভাগ টাকা মুক্তিযোদ্ধাদের কল্যাণের জন্য বরাদ্দ থাকে। সেই টাকা থেকে গতকাল উপজেলার ১২৩ জন দরিদ্র ও অসুস্থ মুক্তিযোদ্ধাকে বিভিন্ন অঙ্কের টাকা অনুদান দেওয়া হয়।
অনুদান প্রদান অনুষ্ঠানে ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল আহসান তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সাংসদ এম আমান উল্ল্যাহ। আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মনিরা সুলতানা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজুর রহমান প্রমুখ।
কামরুল আহসান তালুকদার বলেন, অসুস্থ ও দরিদ্র মুক্তিযোদ্ধদের চিকিৎসা, গৃহনির্মাণসহ যাঁর যাঁর প্রয়োজন অনুযায়ী বিভিন্ন অঙ্কের অনুদান দেওয়া হয়েছে।