ভালুকায় দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী ও শিক্ষক নিহত
ময়মনসিংহের ভালুকা উপজেলায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পুরাতন ভরাডোবা বাসস্ট্যান্ডে গতকাল বৃহস্পতিবার বাসের চাপায় জান্নাত আরা ওরফে বীথি (১৫) নামের এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। জান্নাত আরা ভরাডোবা উচ্চবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের এসএসসি পরীক্ষার্থী এবং ত্রিশাল উপজেলার গুজিয়াম গ্রামের চিকিত্সক আবদুল মতিনের ছোট মেয়ে। এর আগে গত বুধবার সন্ধ্যায় ভালুকা-পনাশাইল সড়কের খারুয়ালী স্থানে নসিমন উল্টে ভালুকার গাদুমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হামিদ খান (৫১) নিহত হন। ওই সময় নসিমনের আরও পাঁচ যাত্রী গুরুতর আহত হন। আবদুল হামিদের বাড়ি কাঁঠালি গ্রামে।ভরাডোবা হাইওয়ে পুলিশ ও নিহত জান্নাত আরার পারিবারিক সূত্রে জানা যায়, ব্যবহারিক খাতায় শিক্ষকদের স্বাক্ষর নিতে গতকাল সকালে বিদ্যালয়ে যাওয়ার কথা ছিল জান্নাত আরার। বাবা আবদুল মতিনের শখ হয় জান্নাত আরাকে তিনি টেম্পোতে কোলে বসিয়ে বিদ্যালয়ে যাবেন। সেভাবেই সকালে মেয়েকে নিয়ে টেম্পোতে ওঠেন মতিন। সকাল সাড়ে নয়টার দিকে ভরাডোবা বাসস্ট্যান্ডে টেম্পো থেকে নামার সময় ভালুকা-সাগরদীঘি সড়কের একটি বাসের চাকায় পিষ্ট হয় জান্নাত আরা। প্রথমে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে জান্নাত আরার মৃত্যু হয়। শোকার্ত আবদুল মতিন বলেন, ‘মেয়েকে শখ করে টেম্পোতে কোলে নিয়েছিলাম। আর বাসচাপায় মেয়ে যে আমার এভাবে হারিয়ে যাবে তা কখনো ভাবিনি। এখন মেয়ের লাশ নিয়ে বাড়ি ফিরতে হচ্ছে।’ ভরাডোবা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদ খান জানান, বাসচালক শফিকুল ইসলামকে বাসসহ আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। একই দিন সকালে ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভরাডোবা প্যাট্রিয়ট মিলের সামনে বাস ও টেম্পোর মুখোমুখি সংঘর্ষে ১০ যাত্রী আহত হয়।