ভালুকায় পিকআপ চাপায় প্রাণ গেল ৪ পোশাককর্মীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গতকাল মঙ্গলবার পিকআপ ভ্যানের চাপায় এক নারীসহ চার পোশাককর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পাঁচজন। এ ছাড়া সড়ক দুর্ঘটনায় মৌলভীবাজারের রাজনগরে তিনজন এবং জামালপুরের মেলান্দহে একজন ও গাইবান্ধার পলাশবাড়ীতে একজন নিহত হয়েছেন।
ঢাকার বাইরে প্রথম আলোর আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
ময়মনসিংহ: ভালুকায় নিহত ব্যক্তিরা হলেন আনোয়ার হোসেন (১৮), আশরাফুল ইসলাম (২২), আমেনা খাতুন (৩৫) ও গ্রামের পারভেজ (১৮)।
পুলিশ বলেছে, কাঁঠালি এলাকায় একটি পোশাক কারখানায় রাতের পালার কাজ শেষে সকাল ছয়টার দিকে বাড়ি ফিরছিলেন ১০-১২ জন শ্রমিক। নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ ভ্যান তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আনোয়ার ও আশরাফুল নিহত হন। গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান আমেনা। আহত পারভেজ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
মৌলভীবাজার: রাজনগর উপজেলায় মৌলভীবাজার-কুলাউড়া সড়কের মহলাল এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে দুই সহোদরসহ তিনজন নিহত হন। তাঁরা হলেন আজাদ মিয়া (৩৮), তাঁর ভাই আলম মিয়া (২৬) এবং অটোরিকশাচালক শাহিন মিয়া (৩২)।
জামালপুর: জেলার মেলান্দহ উপজেলায় জামালপুর-মেলান্দহ সড়কের মালঞ্চ এলাকায় সকালে ট্রাকচাপায় মোহাম্মদ খোকন (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হন। তিনি মেলান্দহ পৌর শহরের চরপাড়ার বাসিন্দা। মেলান্দহ থানার ওসি মাজহারুল করিম বলেন, ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছেন। এ ঘটনায় থানায় মামলা করা হবে।
গাইবান্ধা: জেলার পলাশবাড়ী উপজেলায় গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের রাইসমিল এলাকায় দুপুরে বাসচাপায় আবদুস সোবহান (৩০) নামে এক সাইকেল আরোহী নিহত হন। এ ঘটনায় আহত হন তাঁর প্রতিবেশী আনোয়ারুল মিস্ত্রি। নিহত সোবহান সাদুল্যাপুর উপজেলার ইদিলপুর গ্রামের বাসিন্দা। পলাশবাড়ী থানার ওসি মজিবুর রহমান বলেন, গুরুতর আহত অবস্থায় সোবহান ও আনোয়ারুলকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সোবহানের মৃত্যু হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।