ভালুকায় পুলিশ পরিচয়ে তরুণকে অপহরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ভালুকা উপজেলায় গত রোববার ইউসুফ আলী (১৮) নামের এক তরুণকে পুলিশ পরিচয়ে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। একই দিন রাতে উপজেলার আরও তিন তরুণ ঢাকা থেকে নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে।
ইউসুফের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার ভোর সাড়ে চারটায় উপজেলার পানিবাণ্ডা গ্রামের ইউসুফের বাড়ি গিয়ে আট থেকে ১০ জন লোক তাঁকে ডাকাডাকি করেন। এ সময় ইউসুফের বাবা কলিমউল্লাহ দরজা খুলে বাইরে আসেন। কলিমউল্লাহ পরিচয় জানতে চাইলে তাঁরা নিজেদের পুলিশের লোক বলে পরিচয় দেন। পরে তাঁরা ইউসুফকে নিয়ে যান।
কলিমউল্লাহ জানান, ঘটনার সময় লোডশেডিং থাকায় পুলিশ পরিচয় দেওয়া ব্যক্তিদের ভালোভাবে দেখা যায়নি। তবে তাঁদের বেশির ভাগ কালো পোশাক পরা ছিলেন। ইউসুফকে নিয়ে যাওয়ার কারণ জানতে চাইলে একজন বলেন, ‘আপনার ছেলে মানুষকে বিদেশে পাঠানো কথা বলে টাকা আত্মসাৎ করেছেন।’ এ ঘটনায় তিনি (কলিমউল্লাহ) গতকাল সোমবার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। স্থানীয় লোকজন আরও জানান, রোববার রাতে তিন তরুণ ঢাকার কমলাপুর এলাকা থেকে নিখোঁজ হন। তাঁরা হলেন পানিবাণ্ডা গ্রামের ফয়জুল হকের ছেলে বছির আহমেদ, পাশের পাঁচগাঁও গ্রামের আজাহার আলীর ছেলে মোর্শেদ আলী ও সোহেল মিয়া।
ইউসুফ, বছির ও মোর্শেদের পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, বছির ঢাকার তিতুমীর কলেজে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী। বছির বেশ কিছুদিন আগে মোর্শেদকে বিদেশে পাঠানো কথা বলে তাঁর কাছ থেকে সাড়ে চার লাখ টাকা নেন। পরে মোর্শেদকে বছির জানান, গত ৩০ মার্চ চট্টগ্রাম বিমানবন্দর থেকে মোর্শেদের ফ্লাইট। ২৯ মার্চ মোর্শেদ ছোট ভাই সোহেলকে নিয়ে চট্টগ্রামে যান। চট্টগ্রামে বছিরের সঙ্গে মোর্শেদের দেখা হয়। কিন্তু ৩০ মার্চ ও এরপর আরও তিনবার মোর্শেদের ফ্লাইট বাতিল হয়ে যায়। গত শনিবারও বিদেশে পাঠাতে না পেরে মোর্শেদ ও সোহেলেকে নিয়ে বছির চট্টগ্রাম থেকে ভালুকার উদ্দেশে রওনা দেন। কমলাপুর রেলস্টেশন থেকে তাঁরা নিখোঁজ হন।
আজাহার আলী জানান, ছেলেকে বিদেশে পাঠানোর জন্য সহায়-সম্বল বিক্রি করে বছিরের কাছে চার লাখ ৫০ হাজার টাকা দিয়েছেন। এখন উল্টো দুই ছেলেকে না পেয়ে তাঁরা দিশেহারা।