ভালুকায় পোলট্রি খামারের গর্তে পড়ে দুই শিশুর মৃত্যু
ময়মনসিংহের ভালুকা উপজেলায় দুটি পোলট্রি খামারের গর্তে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। গত রোববার রাতে উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের চানপুর গ্রামে এ দুর্ঘটনা দুটি ঘটে।
মারা যাওয়া শিশুদের একজন হলো চানপুর গ্রামের আসিফ (৬)। তার বাবার নাম মোশাররফ হোসেন। অপর শিশুর নাম নাদিরা (৩)। সে টাঙ্গাইল জেলার নূর জামালের মেয়ে। পরিবারের সঙ্গে চানপুর গ্রামে নানাবাড়ি বেড়াতে এসেছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় আসিফ খেলতে গিয়ে বাড়ির পাশের একটি পোলট্রি খামারের গর্তে পড়ে যায়। রাত ১০টার দিকে গর্ত থেকে আসিফকে উদ্ধার উদ্ধার করে ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
একই দিন বিকেলে গ্রামের আরেকটি পোলট্রি খামারের গর্তে পড়ে যায় নাদিরা। সে বাড়ি থেকে বের হয়ে অসতর্কতাবশত বাড়ির পাশের ওই পোলট্রি খামারের গর্তে পড়ে যায়। রাতে তার লাশ উদ্ধার করেন প্রতিবেশীরা। ভালুকা থানার ওসি মামুন অর রশিদ বলেন, প্রাথমিক তদন্তে দুটি শিশুর মৃত্যুই দুর্ঘটনা বলে মনে হয়েছে।