ভালুকায় প্রতিবন্ধীসহ ছয়জনকে পিটিয়েছে সন্ত্রাসীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ভালুকা উপজেলার মল্লিকবাড়ি গ্রামে গত শুক্রবার বিকেলে বাকপ্রতিবন্ধী সহোদরসহ ছয়জনকে পিটিয়ে আহত করেছে সন্ত্রাসীরা।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মল্লিকবাড়ি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মির্জা আবুল হোসেনের ছোট ছেলে বাকপ্রতিবন্ধী মির্জা বুলবুল আহম্মেদ মোটরসাইকেলে করে পার্শ্ববর্তী বাজারে যাওয়ার সময় কয়েকজন সন্ত্রাসী পথরোধ করে তাঁকে মারধর শুরু করে। খবর পেয়ে অপর বাকপ্রতিবন্ধী ছেলে মির্জা মো. আনিছুর রহমান, জামাতা মুনসুর আলী ও নিকটাত্মীয় শামীম, সোহাগ ও মিজান বুলবুল আহম্মেদকে উদ্ধার করতে এগিয়ে আসেন। এ সময় সন্ত্রাসীরা তাঁদেরও মারধর করে। আহত ব্যক্তিদের মধ্যে মুনসুর আলী ও মির্জা মো. আনিছুর রহমানকে ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।এ ঘটনায় ভালুকা মডেল থানায় একটি মামলা করেছেন মির্জা আবুল হোসেন। পরিবারের দাবি, রাজনৈতিক বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে এ সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নরেন্দ্রনাথ সরকার জানান, পাশ দিয়ে যাওয়ার সময় মোটরসাইকেল গায়ে লেগে যাওয়ার মতো সামান্য ঘটনার সূত্র ধরে এ ঘটনা ঘটেছে। রাজনৈতিক বিরোধের বিষয়টি ঠিক নয়। ঘটনায় দায়ের করা মামলায় এখনো কেউ গ্রেপ্তার হয়নি।