ভালুকায় প্রবাসী সহোদরের বাড়িতে ডাকাতি
ময়মনসিংহের ভালুকা উপজেলার রান্দিয়া গ্রামে সিঙ্গাপুর প্রবাসী সহোদরের বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। গত বুধবার রাতে একটি সংঘবদ্ধ ডাকাতের দল ঘরের দরজা ভেঙে অস্ত্রের মুখে নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। এ সময় ডাকাতের অস্ত্রাঘাতে দুই মহিলাসহ তিনজন আহত হন। ভালুকা মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার রান্দিয়া গ্রামের খোরশেদ আলম ফকিরের দুই ছেলে আক্রাম হোসেন ও আশ্রাফুল ইসলাম দীর্ঘদিন সিঙ্গাপুরে থাকার পর ৩ নভেম্বর ছুটিতে বাড়ি আসেন। বাড়ি ফিরে তাঁরা গত সপ্তাহে বিয়ে করেন। বিয়ের পর থেকে কয়েক দিন ধরে ওই বাড়িতে আত্মীয়স্বজন অবস্থান করছিল। গত বুধবার রাতে ৩০-৩৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাতের দল বাড়িতে হানা দিয়ে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকে। পরে অস্ত্রের মুখে বাড়ির লোকজনকে জিম্মি করে নগদ ৬০ হাজার টাকা, ২২ ভরি স্বর্ণ, দুটি ডিজিটাল ক্যামেরা, তিনটি মোবাইল ফোনসেট, ৩৫টি শাড়ি, একটি মূল্যবান ঘড়ি, তিনটি কম্বল ও দুটি লাগেজসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।