ভালুকায় প্রবাসীর জমি দখলের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ময়মনসিংহের ভালুকা উপজেলায় একটি বহুতল ভবন নির্মাণ করতে গিয়ে প্রবাসী এক ব্যক্তি পাশের জমি দখল করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
ভালুকা পৌরসভা ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১২ সালের ডিসেম্বরে ২৬ জনের মালিকানাধীন একটি পরিত্যক্ত সিনেমা হলের ১৯ শতক জমি কেনেন ভালুকার আঙ্গারগাড়া গ্রামের প্রবাসী এম এ ওয়াহেদ। সম্প্রতি তিনি ওই জমিতে ১৪ তলার একটি ভবন নির্মাণের কাজ শুরু করেছেন। নির্মাণকাজ করতে গিয়ে তিনি পাশের জমি দখল করেছেন বলে অভিযোগ করেছেন জমির মালিক মনোহর সরকার।
মনোহর সরকার বলেন, ভবনটি নির্মাণ করতে গিয়ে তাঁর জমিতে যত্রতত্র নির্মাণসামগ্রী রাখা হচ্ছে। মাটি ফেলে ভরাট করা হয়েছে তাঁর মাছ চাষের পুকুরটি। এ ব্যাপারে তিনি ১৮ ও ২৭ মে ভালুকা পৌরসভার মেয়র পৌর মেয়র মেজবাহ্ উদ্দিনের কাছে লিখিত অভিযোগ দেন৷ এরপর মেয়রের নির্দেশে গত ২৮ মে থেকে ৮ জুন পর্যন্ত কাজ বন্ধ ছিল। গত ৯ জুন থেকে নির্মাণসামগ্রী না সারিয়ে পুনরায় কাজ শুরু করেন শ্রমিকেরা। ওই দিন সন্ধ্যায় মনোহর সরকারের ভাই বিমল কুমার সরকার আবারও পৌর মেয়র মেজবাহ্ উদ্দিনের কাছে অভিযোগ করতে যান৷ তখন এম এ ওয়াহেদ বিমল কুমারকে মুঠোফোনে গালাগাল করেন এবং মনোহরের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দেওয়ার হুমকি দেন। এ ঘটনায় ১২ জুন মনোহর সরকার ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ করেন।
গত বুধবার সরেজমিনে দেখা গেছে, ভালুকা পৌর এলাকার জ্ঞানীরমোড় এলাকায় ওই বহুতল ভবনের নির্মাণকাজ চলছে। ভবনের পূর্ব পাশের পুকুরটির বেশির ভাগ অংশ ভরাট করে ফেলা হয়েছে। ভবনের তিন পাশের জমিতেই যত্রতত্র রাখা হয়েছে নির্মাণসামগ্রী। ভবনটির নির্মাণকাজ তদারকি করছিলেন সোহেল রানা নামের এক ব্যক্তি৷ তিনি নিজেকে ডিপ্লোমা প্রকৌশলী পরিচয় দিয়ে বলেন, ভবনের মালিক এম এ ওয়াহেদ ৯ জুনের পর আবারও প্রবাসে চলে গেছেন। তাঁর স্ত্রীর সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে তিনি (সোহেল) কাজের দেখাশোনা করছেন।
মুঠোফোনে যোগাযোগ করা হলে জমি দখলের অভিযোগ অস্বীকার করে এম এ ওয়াহেদের স্ত্রী বলেন, ‘মনোহর সরকারও ওই সিনেমা হলের ২৬ জন মালিকের একজন। তিনি জায়গা মেপে দেওয়ার সময় সড়ক ও জনপথের কিছু জায়গা আমাদের বুঝিয়ে দেন৷ আমরাও এ বিষয়ে পৌর মেয়রের কাছে অভিযোগ করেছি।’
মেয়র মেজবাহ্ উদ্দিন বলেন, মনোহর সরকার প্রথম অভিযোগ করলে কাজ বন্ধ করার নিদের্শ দেওয়া হয়েছিল। পরে মনোহর সরকার সিনেমা হলের অন্যতম মালিক হিসেবে ওই জমি মেপে দেওয়ার সময় সওজের কিছু জায়গাও এম এ ওয়াহেদকে বুঝিয়ে দেন। পুকুর ভরাট ও নির্মাণসামগ্রী রাখার জন্য মনোহর সরকারকে ক্ষতিপূরণ দেওয়ার কথা বলেন ওয়াহেদ। বিষয়টি খতিয়ে দেখা হবে। পাশাপাশি সওজের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তাঁদের সীমানা নির্ধারণ করে দেওয়ার জন্য আবেদন করা হয়েছে।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, মনোহর সরকারের ভাইকে হুমকি দেওয়ার বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) নেওয়া হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হবে।