ভালুকায় বকেয়ার দাবিতে শ্রমিকদের পিআইও কার্যালয় ঘেরাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ভালুকা উপজেলায় অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির শ্রমিকেরা বকেয়া মজুরির দাবিতে গতকাল মঙ্গলবার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় ঘেরাও করেন। পরে উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘটনাস্থলে গিয়ে বকেয়া পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকেরা চলে যান। শ্রমিকদের সূত্রে জানা গেছে, অতি দরিদ্রদের ৪০ দিনের কর্মসংস্থান কর্মসূচির আওতায় উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের সাতেঙ্গা গ্রামের শতাধিক শ্রমিক ১০ দিন ধরে মজুরি পাচ্ছেন না। মজুরির দাবিতে গতকাল তাঁরা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামিম আরা আজিজের কার্যালয় ঘেরাও করেন। উপজেলা চেয়ারম্যান কাজিম উদ্দিন আহম্মেদ এ ব্যাপারে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং দ্রুত বকেয়া পরিশোধের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মোহাম্মদ আলী জানান, শ্রমিকেরা দু-এক দিনের মধ্যে বকেয়া পেয়ে যাবেন।