ভালুকায় বজ্রপাতে ছেলে নিহত, বাবা মা ও মেয়ে আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ভালুকা উপজেলায় বজ্রপাতে রিয়াদ (১৪) নামের এক কিশোর নিহত এবং তার মা, বাবা ও বোন আহত হয়েছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার পাইলাব গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কিশোর রিয়াদ ভালুকার পাইলাব গ্রামের নাঈম উদ্দিনের (৪৫) ছেলে। বজ্রপাতে রিয়াদের বাবা, মা নূরজাহান (৩৫) ও ছোট বোন শাপলা বেগম (৯) আহত হয়। 

পুলিশ সূত্রে জানা যায়, রাত ১১টার দিকে নাঈম উদ্দিন বাড়িতে ছেলে, মেয়ে ও স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েন। কিছুক্ষণ পর হঠাৎ তাঁদের টিনের ঘরের ওপর বজ্রপাত হয়। এতে নাঈম উদ্দিন, নূরজাহান, রিয়াদ ও শাপলা আহত হয়। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় রিয়াদ মারা যায়। বাকি তিনজন ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন।  ভালুকা থানার ওসি মামুন আর রশিদ বজ্রপাতে রিয়াদের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।