ভালুকায় বস্ত্র কারখানা সিলগালা অবরোধ-সংঘর্ষ, আহত ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ভালুকা উপজেলার ভরাডোবায় অবস্থিত এক্সপেরিয়েন্স টেক্সটাইল লিমিটেডের গ্যাস ও বিদ্যুৎ-সংযোগ গত মঙ্গলবার সকালে বিচ্ছিন্ন করে কারখানাটি সিলগালা করেন পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। এরপর গ্যাস ও বিদ্যুতের আবার সংযোগ ও কারখানা চালুর দাবিতে বেলা ১১টার দিকে কয়েক হাজার শ্রমিক ওই কারখানার সামনে গাছ ফেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় ভালুকা মডেল থানার কনস্টেবল সোহেল মিয়াসহ (৩৫) ১৫ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ময়মনসিংহ থেকে অতিরিক্ত পুলিশ আনা হয়। প্রায় দুই ঘণ্টা পর শ্রমিকেরা অবরোধ তুলে নিলে মহাসড়কে আবার যান চলাচল শুরু হয়। পুলিশ, পরিবেশ অধিদপ্তর ও এলাকাবাসী সূত্রের বিবরণ অনুযায়ী, সকাল নয়টার দিকে পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহামঞ্চদ মুনীর চৌধুরীর নেতৃত্বে র‌্যাব ও পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত ওই কারখানার বিদ্যুৎ ও গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করে কারখানা সিলগালা করেন। মোহামঞ্চদ মুনীর চৌধুরী প্রথম আলোকে বলেন, পরিবেশ অধিদপ্তরের নির্দেশ অমান্য করে কারখানা কর্তৃপক্ষ দূষণ অব্যাহত রাখায় এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। পরিবেশ অধিদপ্তরের তদন্তে এ কারখানার বর্জ্য শোধনাগার (ইটিপি) ত্রুটিপূর্ণ ও নর্দমাব্যবস্থা অসম্পূর্ণ পাওয়া গেছে। গত আড়াই বছরে দূষণ বন্ধে এক ডজনের বেশি নোটিশ দেওয়া হলেও কর্তৃপক্ষ তা অগ্রাহ্য করে। এর আগে করা দুই কোটি ২৪ লাখ টাকা জরিমানার মধ্যে কারখানা কর্তৃপক্ষ মাত্র ৭৫ লাখ টাকা পরিশোধ করেছে। কারখানাটি প্রতিদিন এক হাজার ৫০০ ঘনমিটার (১৫ লাখ লিটার) রাসায়নিক দূষিত বর্জ্য নির্গত করে দূষণ ঘটাচ্ছিল। এ ঘটনায় শিগগিরই কারখানার মালিকের বিরুদ্ধে মামলা করা হবে। কারখানাটি তিন বছর ধরে বর্জ্য নির্গমনের মাধ্যমে এলাকার কয়েক শ একর ফসলি জমি ও পরিবেশের ব্যাপক ক্ষতি করে। ক্ষতিগ্রস্ত কৃষক ও জনসাধারণের অভিযোগের পরিপ্রেক্ষিতে ২০১০ সালের ডিসেম্বরে পরিবেশ অধিদপ্তর অভিযান চালিয়ে কারখানার ডাইং কার্যক্রম বন্ধ ও জরিমানা করে। কিন্তু পরে কর্তৃপক্ষ আবার কারখানাটি চালু করে।