ভালুকায় বাস উল্টে নিহত ১
ময়মনসিংহের ভালুকা উপজেলার ধামশুর এলাকায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন।
আজ শুক্রবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ধামশুর এলাকায় যাত্রীবাহী একটি বাস উল্টে মহাসড়কের পাশে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেলা দেড়টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ধামশুর এলাকায় ঢাকা থেকে ময়মনসিংহগামী একটি বাসের সামনে একজন মোটরসাইকেল আরোহী চলে আসেন। এ সময় বাসের চালক মোটরসাইকেল আরোহীকে রক্ষা করতে গিয়ে বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি মহাসড়কের পাশে উল্টে যায়। ওই সময় বাসের অজ্ঞাতপরিচয় এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। আহত হন বাসের কমপক্ষে ২০ জন যাত্রী।
আহত যাত্রীদের মধ্যে ১০ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ও পাঁচজনকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্য যাত্রীদের ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশিদ বলেন, নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়নি। কয়েকজন যাত্রী মোটরসাইকেল আরোহীর কথা বললেও ও রকম কাউকে শনাক্ত করা যায়নি।