ভালুকায় যুবককে পিটিয়ে হত্যা, আটক ২
ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ড্রাইভারপাড়া এলাকায় হুমায়ুন কবির (৩০) নামের এক যুবককে কতিপয় দুর্বৃত্ত পিটিয়ে হত্যা করেছে।গত সোমবার সন্ধ্যায় পরকীয়ায় যুক্ত থাকার অভিযোগে সালিসের নামে এ ঘটনা ঘটেছে। হুমায়ুন কবির গফরগাঁও উপজেলার হাতীখলা গ্রামের আবদুল খালেক মাস্টারের পুত্র। থানার পুলিশ নিহতের লাশ রাতেই উদ্ধার করে। গতকাল মঙ্গলবার ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পিতা বাদী হয়ে গতকাল থানায় একটি হত্যা মামলা করেছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ দুজনকে আটক করেছে।থানার পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যারাতে হবিরবাড়ী ইউনিয়নের ড্রাইভারপাড়া এলাকায় কতিপয় যুবক গফরগাঁও উপজেলার হাতীখলা গ্রামের আবদুল খালেক মাস্টারের ছেলে ঢাকার একটি শোরুমের কর্মী হুমায়ুন কবিরকে (৩০) এলাকার বাসিন্দা পোশাককর্মীর সঙ্গে পরকীয়া করছে সন্দেহে আটক করে।পরে সালিসের নামে মারপিট করে তাঁকে ছেড়ে দেয়। স্থানীয় এলাকাবাসী রাতে ড্রাইভারপাড়া মসজিদসংলগ্ন একটি ডোবায় লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।