ভালুকায় রেজাউল হত্যার প্রতিবাদে মানববন্ধন
ময়মনসিংহের ভালুকা উপজেলায় রেজাউল করিম হত্যার প্রতিবাদে এবং প্রধান সন্দেহভাজন আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকাবাসী মানববন্ধন করেছেন। গতকাল মঙ্গলবার পৌর শহরের কলেজপাড়া মানববন্ধন করা হয়।
পৌর শহরের খুজিবাড়ি এলাকায় ১৮ ডিসেম্বর রাতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রেজাউল (২৫) নিহত হন। তাঁর বাড়ি উপজেলার ভান্ডাব গ্রামে। এ ঘটনায় রেজাউলের বাবা আবদুল মতিন বাদী হয়ে একই এলাকার তুষার, তুষারের বাবা আজমল হোসেনসহ আটজনকে আসামি করে ভালুকা মডেল থানায় মামলা করেন।
গতকালের মানববন্ধনে রেজাউলের বাবা আবদুল মতিনও অংশ নেন। কর্মসূচি চলাকালে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, রেজাউল হত্যার মূল আসামি তুষার ও তাঁর বাবা আজমল হোসেনকে শিগগির গ্রেপ্তার করতে হবে। তাঁদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
ভালুকা মডেল থানার ওসি মামুন অর রশিদ বলেন, মামলার চারজন আসামিকেগ্রেপ্তার করা হয়েছে। তুষার ও আজমল পলাতক। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।