ভালুকায় শিক্ষককে মারধর ছাত্রলীগের
ময়মনসিংহের ভালুকা উপজেলার বিরুনিয়া ইউনিয়নের কংশেরকুল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল উদ্দিনকে ছাত্রলীগের স্থানীয় নেতা-কর্মীরা গতকাল মঙ্গলবার মারধর করেছে।
ভুক্তভোগী শিক্ষক ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিদ্যালয় বন্ধ থাকায় গতকাল সকালে প্রধান শিক্ষক হেলাল উদ্দিন বিদ্যালয়ে একটি কক্ষে বসে শিক্ষার্থীদের উপবৃত্তির কাগজপত্র দেখছিলেন। আর বিদ্যালয়ের মাঠে কয়েকজন শিক্ষার্থী খেলা করছিল। এ সময় বিরুনিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাইদুল ইসলাম এসে বিদ্যালয়ের মাঠে আসবাবপত্রের মেলা করার জন্য অনুমিত চান। তবে প্রধান শিক্ষক মাইদুলকে বলেন, বিদ্যালয়ের ভবন নির্মাণের কাজ চলেছে। এ অবস্থায় মেলার আয়োজন করলে নির্মাণকাজ বাধাগ্রস্ত হবে। এ কথা শুনে মাইদুল চলে যান। এর কিছুক্ষণ পর ১৪-১৫ জনের একটি দল নিয়ে মাইদুল ওই কক্ষের ভেতর ঢুকে হেলাল উদ্দিনকে মারধর শুরু করেন। বিদ্যালয়ের কক্ষে মারধর করার পর ছাত্রলীগের কর্মীরা বিদ্যালয়ের পাশের বিরুনিয়া বাজারে আওয়ামী লীগ কার্যালয়ে নিয়ে তাঁকে আটকে রাখে। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠিয়ে দেন।
হেলাল উদ্দিন বলেন, ‘ছাত্রলীগের একটি ছেলে আমার বুকে সজোরে লাথি মারে। অন্যরাও আমাকে মারধর করে। এ সময় মাইদুলসহ উপস্থিত সব ছাত্রলীগ কর্মীই আমাকে তুই সম্বোধন করে গালাগাল করে।’
মাইদুল ইসলাম বলেন, বিদ্যালয়ের মাঠে ফার্নিচার মেলা করার জন্য অনুমতি চাইতে গেলে প্রধান শিক্ষক বিদ্যালয়ের প্রত্যেক শিক্ষকের জন্য মোটা অঙ্কের টাকা দাবি করেন। এ নিয়ে উত্তেজনা সৃষ্টি হলে ওই অনাকাঙ্খিত ঘটনা ঘটে।
ভালুকা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হারুন অর রশিদ বলেন, ‘অভিযোগ পেয়েছি। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে লিখিতভাবে জানানোর জন্য প্রধান শিক্ষককে বলেছি।’ ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, এখনো অভিযোগ পাওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।