ময়মনসিংহের ভালুকা উপজেলায় একটি সোয়েটার কারখানায় চলতি মাসের বেতন পরিশোধের দাবিতে গতকাল রোববার কয়েক শ শ্রমিক ভাঙচুর চালিয়েছে। এতে আট কর্মকর্তা-কর্মচারী আহত হয়েছেন।পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, গতকাল সকালে মাহিদন সোয়েটারে কর্মরত কয়েক শ শ্রমিক চলতি মাসের ২০ তারিখ পর্যন্ত বেতন পরিশোধের জন্য কর্তৃপক্ষের কাছে দাবি জানায়। এর পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ গতকাল দুপুরের দিকে চলতি মাসের ৫ তারিখ পর্যন্ত বেতন পরিশোধের সিদ্ধান্তের কথা শ্রমিকদের জানায়। এ নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় শ্রমিকেরা ওই মিলের দরজা-জানালার কাচ ভাঙচুর করে। এতে মিলের আট কর্মকর্তা-কর্মচারী আহত হন। আহত ব্যক্তিদের স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিউর রহমান বলেন, গত বছরও ঈদের সময় এই মিলে এমন বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হয়েছিল বলে জানা গেছে। কর্তৃপক্ষের ভুল সিদ্ধান্তের কারণে কিছু শ্রমিক বিশৃঙ্খলা ঘটানোর চেষ্টা করে। এ বিষয়ে ওই মিলের ম্যানেজার জাফরুল হাসানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।