ভালুকায় সড়ক দুর্ঘটনায় চালকসহ নিহত ২

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ময়মনসিংহের ভালুকা উপজেলায় সড়ক দুর্ঘটনায় পিকআপের চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হন। আজ শুক্রবার ভোরে উপজেলার মেহরাবাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন নেত্রকোনার ঠাকুরাকোণা গ্রামের পিকআপ ভ্যানের চালক রাজন রবিদাস (২২) ও নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার তালাশ কোর্ট এলাকার আবদুস সালামের ছেলে মো. আজিম (২৩)।

ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ সূত্র জানায়, শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার মেহরাবাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ সড়কে একটি বড় পিকআপের সঙ্গে ধাক্কা খায় মাছভর্তি আরেকটি ছোট পিকআপ। এতে ছোট পিকআপের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে রাজনকে মৃত অবস্থায় উদ্ধার করেন। এ সময় আরও তিনজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে নেওয়ার পর চিকিৎসক আজিম নামের আরেক জনকে মৃত ঘোষণা করেন।

ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তিথি জানান, সড়ক দুর্ঘটনায় আহত দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। আরেক জনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।

ভালুকা হাইওয়ে পুলিশের পরিদর্শক মাহমুদ আদনান বলেন, মাছভর্তি ছোট পিকআপের চালক নিয়ন্ত্রণ হারিয়ে অপর একটি বড় পিকআপের সঙ্গে ধাক্কা লাগালে এ দুর্ঘটনা ঘটে। পিকআপ দুটি জব্দ করা হয়েছে। নিহত দুজনের স্বজনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।