ভালুকায় ১২ ড্রাম তেলসহ পিকআপ ভ্যান আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুর উপজেলা থেকে পাচার হওয়া ১২ ড্রাম জ্বালানি তেলভর্তি একটি পিকআপ ভ্যান গতকাল মঙ্গলবার ভালুকা থেকে আটক করেছে জনতা। পরে চালক বাচ্চু মিয়া (৩০) ও পিকআপ ভ্যানটি থানায় সোপর্দ করা হয়। এলাকাবাসী জানায়, গতকাল ভোরে ১২ ড্রাম জ্বালানি তেলভর্তি পিকআপ ভ্যানটি ময়মনসিংহের ভালুকা উপজেলার সিডস্টোর বাজারে পৌঁছালে এলাকাবাসী আটক করে। পুলিশে খবর দিলে ভালুকা থানার পুলিশ ভোর ছয়টার দিকে সিডস্টোর বাজার থেকে চালক বাচ্চু মিয়াসহ (৩০) পিকআপ ভ্যানটি নিয়ে যায়। ভালুকা থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন প্রথম আলোকে জানান, সন্দেহ করা হচ্ছে, এই জ্বালানি তিতাস গ্যাস কোম্পানির। তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।