
ময়মনসিংহের ভালুকায় গতকাল সোমবার ভোরে কোচিং সেন্টারের দুজন শিক্ষককে অস্ত্রের মুখে অপহরণ করেছে দুর্বৃত্তরা। সম্পর্কে তাঁরা পরস্পরের চাচাতো ভাই। তাঁদের হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়া হয়। এদিকে একই সময় গাজীপুরের কালিয়াকৈরে সহোদর দুই ভাইকে অপহরণ করা হয়। পুলিশ পরিচয়ে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার পর গতকাল রাত সাড়ে আটটার দিকে এই দুজনকে অক্ষত ছেড়ে দেয় অপহরণকারীরা।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, ময়মনসিংহের ভালুকা উপজেলার পাঁচগাঁও গ্রামে গতকাল (সোমবার) ভোর চারটার দিকে কামাল হোসেন ওরফে সবুজ ও তাঁর চাচাতো ভাই আবু বক্কর সিদ্দিক ওরফে স্বপনের পাশাপাশি দুটি বাড়িতে যান আট-দশজনের সশস্ত্র একটি দল। তারা দরজা খুলতে ডাকাডাকি শুরু করলে ভয়ে কেউ দরজা খোলেননি।
একপর্যায়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিমিঞ্চ করে অস্ত্রধারীরা। পরে শামছুদ্দিনের ছেলে কামাল হোসেন ও জয়নাল আবেদীনের ছেলে আবু বক্করকে ঘর থেকে তুলে নিয়ে একটি মাইক্রোবাসে উঠিয়ে চলে যায় তারা।
অপহূত দুজনই ভালুকায় একটি কোচিং সেন্টারে শিক্ষকতা করেন। এ ঘটনায় দুই পরিবারের পক্ষ থেকে পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
আবু বক্করের বাবা জানান, অপহরণকারীরা দরজা না খোলায় তাঁকে মারধর করে। তারা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তাঁর ছেলের বউ ও তিন বছরের নাতনিকে জিমিঞ্চ করে আবু বক্করকে হাতকড়া পরিয়ে নিয়ে যায়। আবু বক্করকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, জানতে চাইলে অস্ত্রধারী ব্যক্তিরা সকাল হলে থানায় খোঁজ নেওয়ার কথা বলে।
ওদিকে অপর অপহূত কামাল হোসেনের ভাই রব্বানী জানান, অস্ত্রধারীদের ডাকাডাকির সময় তাঁর ভাই ঘুমিয়ে ছিলেন। ডাকাডাকির পরও দরজা না খুললে তারা দরজা ভেঙে ঢুকে কিছু বুঝে ওঠার আগেই ভাইকে হাতকড়া লাগিয়ে তুলে নিয়ে যায়।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ করেও সন্ধ্যা পর্যন্ত (গতকাল) অপহরণের এ ঘটনার কোনো রহস্য উদ্ঘাটন করা যায়নি।
গাজীপুরে অপহরণ পরে মুক্তি: পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পার্শ্ববর্তী টানসূত্রাপুর এলাকায় গতকাল ভোর সাড়ে চারটার দিকে সাত-আটজনের একটি দল পুলিশ পরিচয় দিয়ে মৃত মাধাই চন্দ্র সরকারের ছেলে কেদারী চন্দ্র সরকারের (৬০) বাড়ির দরজা খুলতে বলে। কিন্তু দরজা না খোলায় তারা দরজা ভেঙে ভেতরে ঢুকে তাঁকে ধরে বাড়ির বাইরে নিয়ে একটি গাড়িতে তোলে। এ সময় তাঁর ছোট ভাই ঝিলমোহন চন্দ্র সরকার (৫৫) এগিয়ে এলে তাঁকেও ধরে গাড়িতে উঠিয়ে চলে যায়। অপহরণকারীরা একটি কালো রঙের ব্যক্তিগত গাড়ি ও একটি মাইক্রোবাস নিয়ে এসেছিল।
গাড়িতে তোলার সময় দুই ভাইয়ের চিৎকারে পরিবারের সদস্য ও আত্মীয়স্বজন এগিয়ে আসার আগেই অপহরণকারীরা পালিয়ে যায়। তবে গতকাল রাত সাড়ে আটটার দিকে কালিয়াকৈর-নবীনগর সড়কের বাড়ইপাড়া এলাকায় নন্দন পার্কের পাশে দুজনকে ছেড়ে দেওয়া হয়েছে।
দুই ভাইয়ের স্ত্রীরা বলেন, তাঁদের জমি কিনতে এলাকার কিছু লোক চাপ সৃষ্টি করছিলেন। কিন্তু তা বিক্রি করতে রাজি না হওয়ায় এই অপহরণের ঘটনা ঘটানো হতে পারে।
নাম প্রকাশ না করার শর্তে এক প্রতিবেশী জানান, টানসূত্রাপুর এলাকায় ডিভাইন টেক্সটাইল ও জিএসএম নামের দুটি প্রতিষ্ঠান স্থানীয় দালালদের দিয়ে প্রতিযোগিতা করে কম দামে জমি কিনছে। দালালদের খপ্পরে পড়ে এলাকার অনেকেই প্রতিষ্ঠান দুটির কাছে জমি বিক্রি করেছে। কিন্তু কেদারী চন্দ্র ও ঝিলমোহন চন্দ্র তাঁদের ১৩৩ শতাংশ জমি বিক্রিতে রাজি হননি। এ জমি কিনতে ডিভাইন টেক্সটাইলের পক্ষে সূত্রাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের ছোট ভাই মোফাজ্জাল হোসেন স্থানীয় খুশি মোহন, তাঁর (খুশির) স্ত্রী ইউপি সদস্য সুচিত্রা সরকারসহ কয়েকজন দুই ভাইকে চাপ দিচ্ছিলেন।
এ ব্যাপারে মোফাজ্জল হোসেন বলেন, ডিভাইন প্রতিষ্ঠানটির সঙ্গে আগে তাঁর সম্পর্ক থাকলেও এখন নেই।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক অপহরণের ঘটনা নিশ্চিত করে বলেন, ‘গতকাল রাত সাড়ে আটটার কিছু আগে অপহরণকারীরা দুই ভাইকে ওই স্থানে (নন্দন পার্কের পাশে) ফেলে রেখে পালিয়ে যায়।’