ভালো আছে জান্নাতুল

গাজীপুরের জয়দেবপুরে এক বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করতে যাওয়া জান্নাতুল ফেরদৌসকে গরম ইস্তিরির ছ্যাঁকা দেওয়া হয়েছিল। তার মাথার তালুর অনেকটা জায়গাজুড়ে ঘা হয়ে গর্ত হয়ে গিয়েছিল। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে অস্ত্রোপচারের পর তা বেশ স্বাভাবিক হয়। আর এখন চুল গজানোর ফলে মাথা প্রায় স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। শুধু মাথা নয়, জান্নাতুলের সারা শরীরে খুন্তি দিয়ে ছ্যাঁকা দেওয়া হয়েছিল। শরীরের দাগগুলো এখনো আছে। তবে যন্ত্রণা নেই।
গতকাল রোববার ফলোআপের জন্য জান্নাতুলকে বার্ন ইউনিটে আনা হয়। বার্ন ইউনিটের আবাসিক সার্জন হোসাইন ইমাম জান্নাতুলের মাথা ও সার্বিক অবস্থা দেখে জানান, সে এখন ভালো আছে। ভিটামিন, সিভিট ছাড়া আপাতত আর কোনো ওষুধ খেতে হবে না। এক মাস পর আবার ফলোআপ করতে হবে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে এক মাসের বেশি সময় চিকিৎসাধীন থাকার পর গত ৯ নভেম্বর জান্নাতুলের নতুন ঠিকানা হয় বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির আশ্রয়কেন্দ্রে (বিএনডব্লিউএলএ)। আর এই কদিনে জান্নাতুল নিজেকে মানিয়ে নিয়েছে নতুন পরিবেশে। গতকাল বিএনডব্লিউএলএর আশ্রয়কেন্দ্রের হাউস মাদার সুফিয়া বেগম ফলোআপ করানোর জন্য জান্নাতুলকে হাসপাতালে নিয়ে আসেন। জান্নাতুলের বাড়ি চাঁদপুরের হাইমচরে। তাকে দেখতে তার মা ফিরোজা বেগম ও বোন সকালে হাসপাতালে আসেন। জান্নাতুল মাকে জানায়, সে ভালো আছে। হাসপাতাল থেকে জান্নাতুল হাসিমুখেই ফিরে যায় আশ্রয়কেন্দ্রে।
গৃহকর্মী থাকাকালে জান্নাতুলের বাড়ি যেতে মন চাইত। গৃহকর্তা ওমর ফারুক ও তাঁর স্ত্রী মণি বেগমের কাছে এ নিয়ে সে আবদার করত। আর এই আবদারের ‘অপরাধে’ তাকে নির্যাতন করা হয়েছিল বলে জানায় জান্নাতুল।
ফিরোজা বেগম জানান, তাঁর খালাতো ভাই হাইমচরের বাসিন্দা মোস্তফা সরদার এক বছর আগে জান্নাতুলকে তাঁর (মোস্তফা) আত্মীয় গাজীপুরের ওমর ফারুক-মণি বেগম দম্পতির বাসায় নিয়ে যান। প্রচণ্ড মারধর ও নির্যাতনের শিকার হলে গত ঈদুল আজহার পরের দিন মোস্তফা সরদার জান্নাতুলকে হাইমচরে নিয়ে যান। গত ১৫ সেপ্টেম্বর প্রথমে হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চাঁদপুর সদর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় শিশুটিকে। উন্নত চিকিৎসার জন্য তাকে গত ১ অক্টোবর প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। চিকিৎসার পাশাপাশি পুনর্বাসন ও আইনি পরামর্শ বিষয়ে প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে ট্রাস্ট। জান্নাতুলের নিরাপত্তার কথা চিন্তা করে তাকে আপাতত বিএনডব্লিউএলএর আশ্রয়কেন্দ্রে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নির্যাতনের ঘটনায় জান্নাতুলের প্রতিবেশী শাহজাহান ভূঁইয়া বাদী হয়ে ওমর ফারুক, মণি বেগম ও মোস্তফা সরদারকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। এ মামলায় আইনি সহায়তা দিচ্ছে বিএনডব্লিউএলএ।
জয়দেবপুর থানার মামলার তদন্তকারী কর্মকর্তা আজিজুল হক প্রথম আলোকে বলেন, ‘আমার জানামতে, তিনজন আসামি বর্তমানে কারাগারে রয়েছেন। খুব দ্রুত মামলার চার্জশিট দেব।’