ভালো করতে গিয়ে ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর সিটি করপোরেশনের জলকর থেকে নীলকণ্ঠ পর্যন্ত সড়কের এক পাশে দেড় কিলোমিটার নর্দমা নির্মাণের কাজ চলছে। এটা করতে গিয়ে সড়কটিই ভেঙে পড়েছে। নালার পাশজুড়ে দীর্ঘ গর্তের সৃষ্টি হয়েছে। জরুরি ভিত্তিতে এই গর্ত মেরামত করা না হলে বর্ষায় সড়কের আরও ক্ষতি হবে।
সড়ক ভেঙে সংকুচিত হয়ে যাওয়ায় গাড়ি চলাচলে সমস্যা হচ্ছে। এ অবস্থায় সড়ক মেরামতের জন্য দ্রুত উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন নগরবাসী।
সিটি করপোরেশন সূত্র জানায়, নগরের বিভিন্ন এলাকায় ৫ কোটি ২৪ লাখ টাকা ব্যয়ে নালা নির্মাণের কাজ চলছে। প্রায় সাড়ে চার কিলোমিটার দীর্ঘ এ নালার মধ্যে দেড় কিলোমিটার পড়েছে জলকর থেকে নীলকণ্ঠ পর্যন্ত। সড়কটির পশ্চিম দিকে এ নালা নির্মাণ করা হচ্ছে। নালা করতে গিয়ে সড়কের পাশের বড় একটা অংশ ভেঙে গর্তের সৃষ্টি হয়েছে। একই অবস্থা কামলকাছনা এলাকাতেও। সব মিলিয়ে প্রায় দুই কিলোমিটার সড়ক এভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সরেজমিনে দেখা গেছে, নীলকণ্ঠ এলাকায় সড়ক ভেঙে পড়ায় যানবাহনের পাশাপাশি সাধারণ মানুষকেও চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। সড়কটি ভেঙে অনেকটা সংকুচিত হয়ে গেছে। ব্যাটারিচালিত অটোরিকশাগুলোর সমস্যা হচ্ছে সবচেয়ে বেশি। সড়কের অপর পাশে কোনো গাড়ি থাকলে খুব সাবধানে চলতে হয়। নইলে গর্তে পড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী আজম আলী বলেন, ‘এ ব্যাপারে আমরা ঠিকাদারকে চিঠি দিয়েছি।’ ঠিকাদার তারিক মোর্শেদ বলেন, সড়ক সংস্কারের বিষয়ে সিটি করপোরেশন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে।