ভালো কাজে যুক্ত থাকার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলো বন্ধুসভা আয়োজিত জাতীয় বন্ধু সমাবেশে শুভেচ্ছা বিনিময় করছেন অভিনেত্রী তিশা ও বাংলাদে​শ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় নাসির হোসাইন l ছবি: প্রথম আলো
প্রথম আলো বন্ধুসভা আয়োজিত জাতীয় বন্ধু সমাবেশে শুভেচ্ছা বিনিময় করছেন অভিনেত্রী তিশা ও বাংলাদে​শ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় নাসির হোসাইন l ছবি: প্রথম আলো

‘আমি বাংলাদেশ’ স্লোগান নিয়ে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাকে গতকাল শুক্রবার শুরু হয়েছে প্রথম আলো বন্ধুসভার দুই দিনব্যাপী জাতীয় সমাবেশ। বাংলাদেশ স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত এ সমাবেশে সারা দেশের বন্ধুসভার প্রায় দেড় হাজার সদস্য যোগ দিয়েছেন। উদ্বোধকসহ বিশিষ্ট অতিথিরা সমাবেশে যোগ দেওয়া বন্ধুদের ভালো কাজের সঙ্গে যুক্ত থাকার আহ্বান জানান।
নতুন বছরের প্রথম দিনে গতকাল সকালে সমাবেশের উদ্বোধন ঘোষণা করেন জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় নাসির হোসেন এবং অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। এ সময় উপস্থিত ছিলেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক, প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি সাইদুজ্জামান রওশন, উপদেষ্টা মনোচিকিৎসক মোহিত কামাল, সাধারণ সম্পাদক শান্তা তাওহিদা, সহসভাপতি জান্নাতুল বাকের ও হাসান মাহমুদ।
সমাবেশে যোগ দিতে বৃহস্পতিবার সন্ধ্যার পরই দেশের বিভিন্ন স্থান থেকে বন্ধুরা পৌঁছতে শুরু করেন। শালবন ঘেরা স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে এসে প্রথমেই তাঁরা নিবন্ধন করেন। তারপর নিজ নিজ নির্ধারিত তাঁবুতে যান। দুই দিন সেখানে থাকার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র তাঁরা সঙ্গেই নিয়ে আসেন। তবে বন্ধুসভার নারী সদস্যদের থাকার ব্যবস্থা করা হয়েছে স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রের একটি ভবনে।
সমাবেশের উদ্বোধনী অনুষ্ঠানে ক্রিকেটার নাসির হোসেন সারা দেশের বন্ধুদের ভালো কাজ করার আহ্বান জানান। আর অভিনেত্রী তিশা বন্ধুদের উদ্দেশে বলেন, ‘আপনারা ভালো কাজের সাথে আছেন, ভালো কাজের সাথে থাকবেন।’
প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক বলেন, ‘আমি যদি ভালো হই, বাংলাদেশ ভালো হবে। আমি সুন্দর হলে দেশ সুন্দর হবে। আর আমি খারাপ হলে দেশও খারাপ হবে। তাই আমিই বাংলাদেশ।’
জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি সাইদুজ্জামান রওশন বলেন, দুই বছর পরপর বন্ধুসভার জাতীয় সমাবেশের আয়োজন করা হয়। এর মাধ্যমে বন্ধুরা দেশ গড়ার শপথ নিয়ে সারা দেশে ছড়িয়ে পড়েন।
বিকেলে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে বিভিন্ন বন্ধুসভার সদস্যরা অংশ নেন।
ঢাকা বন্ধুসভার একটি দল গত কয়েক দিন কাজ করে জাতীয় সমাবেশের সব প্রস্তুতি শেষ করে। স্কাউটের বড় মাঠে তৈরি করা হয় অনুষ্ঠানের মূল মঞ্চ। শালবনের মধ্যে বন্ধুদের থাকার জন্য পাতা হয়েছে দেড় শ তাঁবু। মূল মঞ্চ, তাঁবু ও বিভিন্ন ভবনে আলোকসজ্জাও করা হয়েছে।