গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পেলেন সহকারী পুলিশ সুপার (এএসপি) পদের এক কর্মকর্তা। গত শনিবার ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়ার স্বাক্ষরিত এক অফিস আদেশে সদ্য এএসপি হিসেবে পদোন্নতি পাওয়া সিরাজুল ইসলামকে স্বপদে বহাল করা হয়। এই প্রথম থানায় সহকারী পুলিশ সুপার পদের কোনো কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হলো। দেশে বর্তমানে ৬৩৩টি থানা আছে।
গত ২০১০ সালের আগস্ট মাসে পুলিশের নীতিনির্ধারণী গ্রুপের (পলিসি গ্রুপ) বৈঠকে পর্যায়ক্রমে দেশের সব থানায় ওসি পদে পরিদর্শকের বদলে এএসপি নিয়োগের সিদ্ধান্ত হয়। পুলিশের নীতিনির্ধারণী গ্রুপে এ নিয়ে আলোচনা হলেও বাহিনীর ভেতরে বিষয়টি নিয়ে নানা প্রশ্ন ওঠে। এরপর ওই সিদ্ধান্ত আর বাস্তবায়িত হয়নি। তবে ওই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী সময়ে থানাগুলোতে একাধিক পরিদর্শক নিয়োগ দেওয়া হয়। প্রায় সব থানাতেই এখন ওসি ছাড়াও একজন পরিদর্শক (তদন্ত) ও একজন পরিদর্শক (অপারেশন্স) দায়িত্ব পালন করছেন।
এরপর গত বছরের মাঝামাঝি থেকে থানায় ওসি হিসেবে এএসপি নিয়োগের বিষয়টি আলোচিত হতে শুরু করে। এ সময় পুলিশের সার্কেলগুলোর নতুন বিন্যাসের প্রক্রিয়া শুরু হয়। অক্টোবরের দিকে এ সিদ্ধান্তের বাস্তবায়ন ঠেকাতে পুলিশের নন-ক্যাডার কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ পুলিশ অফিসার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা ব্যাপক দৌড়-ঝাঁপ শুরু করেন। অনেকে এ নিয়ে গণমাধ্যমের কাছে ক্ষোভও প্রকাশ করেন। এ কারণে গত শনিবার ওই অ্যাসোসিয়েশনের সভাপতি গুলশান থানার ওসি সিরাজুল ইসলামকে এএসপি হিসেবে ওসি পদেই বহাল রাখায় বাঁকা চোখে দেখছেন মাঠপর্যায়ের কর্মকর্তারা। পদায়নের বিষয়টিকে মাঠপর্যায়ের কর্মকর্তারা ওসি হিসেবে এএসপি নিয়োগের সূত্রপাত বলে মনে করছেন।
জানতে চাইলে পুলিশ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও চকবাজার থানার ওসি শামীম উর রশীদ তালুকদার প্রথম আলোকে বলেন, গুলশান থানায় ওসি হিসেবে নতুন কোনো এএসপিকে নিয়োগ দেওয়া হয়নি। কমিশনারের এখতিয়ার আছে কেউ পদোন্নতি পেয়ে গেলেও তাঁকে স্বপদে বহাল রাখার। এ ক্ষেত্রে তা-ই ঘটেছে। এ রকম ঘটনা এটাই প্রথম নয়, আগেও হয়েছে। এর আগে রমনা থানার সাবেক ওসি শিবলী নোমান পদোন্নতি পেয়ে এএসপি পাওয়ার পরও ওসি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
মাঠপর্যায়ের কয়েকজন কর্মকর্তা জানান, তাঁরা বিষয়টিকে ভালো চোখে দেখছেন না। তাঁরা নিজেদের মধ্যে আলোচনা করছেন।
মাঠপর্যায়ের কর্মকর্তাদের যুক্তি, নন-ক্যাডার কর্মকর্তাদের লক্ষ্য থাকে ওসি হিসেবে দায়িত্ব পালন করার। এটা না হলে কর্মকর্তাদের মধ্যে হতাশা কাজ করবে। শৃঙ্খলাও ভেঙে যেতে পারে। যেখানে দেড় লাখের বেশি নন-ক্যাডার কর্মকর্তা ও সদস্য রয়েছেন। আর এএসপি বা তদূর্ধ্ব কর্মকর্তার সংখ্যা ৩ থেকে ৪ হাজার মাত্র।
যোগাযোগ করা হলে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার একজন কর্মকর্তা বলেন, থানার সার্কেলগুলো পুনর্বিন্যাস করা হয়েছে। তবে ওসি পদে এখনো এএসপিদের নিয়োগ দেওয়ার আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি। থানার সাংগঠনিক কাঠামোতেও কোনো পরিবর্তন হয়নি।