ভালো দাম, রায়গঞ্জে পাটচাষিরা খুশি
দীর্ঘদিন পর পাট চাষ করে লাভের মুখ দেখছেন সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চাষিরা।
গতকাল শনিবার চান্দাইকোনা ইউনিয়নের চান্দাইকোনা হাটে পাটচাষি আজাহার আলী বলেন, গত বছরের চেয়ে এ বছর পাটের দাম কিছুটা কম হলেও লাভ থাকবে। ধান চাষ করে যে ক্ষতি হয়েছিল, পাট বিক্রি করে তার কিছুটা কাটিয়ে ওঠা যাবে। তিনজন পাট ব্যবসায়ী বলেন, সরকার পরিবেশবান্ধব পাটজাত পণ্য ব্যবহারের ওপর জোর দেওয়ার কারণে পাটের চাহিদা অনেক বেড়েছে। সেই সঙ্গে পাটের আবাদও বেড়েছে। তাই এ বছর দাম কিছুটা কম হলেও কৃষকের লাভ থাকছে বলে তিনি জানান।
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা যায়, দাম বাড়ার কারণে পাট চাষের পরিমাণও বেড়েছে। তিন-চার বছর আগে উপজেলার নয়টি ইউনিয়নে মাত্র ৫০০-৬০০ হেক্টর জমিতে পাট চাষ হলেও এ বছর চাষ করা হয়েছে ১ হাজার ৫৩০ হেক্টর জমিতে। উপজেলার ধানগড়া ইউনিয়নের ঝাপড়া এলাকার কৃষক আবদুল মালেক বলেন, এক বিঘা জমিতে পাট চাষ করতে তাঁর খরচ হয়েছে ছয় হাজার টাকার মতো। পাট হয়েছে প্রায় ছয় মণ। ১ হাজার ৮০০ টাকা মণ দরে বিক্রি করে পাওয়া গেছে ১০ হাজার ৮০০ টাকা। এ ছাড়া জ্বালানি হিসেবে পাটখড়ির চাহিদা বেশি। এটি বিক্রি করেও কিছু টাকা পাওয়া যাবে বলে তিনি জানান। একই ধরনের কথা বলেন উপজেলার ধামাইনগর, সোনাখাড়া ও ধুবিল ইউনিয়নের আরও ১০ জন কৃষক।
রায়গঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হক মণ্ডল বলেন, অন্যান্য ফসলের তুলনায় পাট চাষে খরচ কম। এ বছর লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে পাট চাষ হয়েছে জানিয়ে তিনি বলেন, আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হয়েছে এবং ঠিক সময়ে বৃষ্টি হওয়ায় খালবিলে পানি আছে। ফলে পাট জাগ দিতে কৃষককে ভোগান্তিতে পড়তে হয়নি। চাষ করা পাটের এখন পর্যন্ত ৭৪ শতাংশ কাটা হয়েছে বলে তিনি জানান।