ভালো নেই আনোয়ারার আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা
নেই খেলার মাঠ। চলাচলের প্রধান সড়কটিও কাঁচা। সড়ক দিয়ে হেঁটে দুই কিলোমিটার দূরের বিদ্যালয়ে যেতে হয় এলাকার শিশুদের। কোনোমতে বাসস্থান মিললেও বাদবাকি নাগরিক সুবিধা পাচ্ছে না আনোয়ারার দেয়াং পাহাড়ের আশ্রয়ণ প্রকল্পের সাত শতাধিক বাসিন্দা।
উপজেলা প্রশাসন জানায়, সরকার সেনাবাহিনীর সহায়তায় ১৯৯৬ সালে উপজেলার দুস্থ ও নদীভাঙনের শিকার মানুষজনকে আশ্রয় দিতে বটতলী ইউনিয়নের দেয়াং পাহাড়ে আশ্রয়ণ প্রকল্পের কাজ শেষ করে। ১৯৯৭ সালে ওই প্রকল্পে ৬০টি পরিবারকে পুনর্বাসন করা হয়। এসব পরিবারের সাত শ সদস্য বর্তমানে আশ্রয়ণ প্রকল্পে বসবাস করছে।
উপজেলা সদরের আট কিলোমিটার পশ্চিমে দেয়াং পাহাড়ে পাঁচ একর জায়গায় স্থাপিত আশ্রয়ণ প্রকল্প এলাকায় গিয়ে দেখা যায়, টিলা সমান করে কয়েক ভাগে ৬০টি ঘর নির্মাণ করা হয়েছে। তিন কক্ষবিশিষ্ট ঘরগুলোর মেঝে পাকা ও টিনের ছাউনি দেওয়া।
প্রকল্পের আশ্রিত বাসিন্দারা জানান, আশ্রয়ণ প্রকল্পের কাছাকাছি কোনো প্রাথমিক বিদ্যালয় না থাকায় সেখানকার শতাধিক শিশু দুই কিলোমিটার দূরে আবস্থিত পূর্ব বটতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে পড়াশোনা করে। পাহাড়ের ভেতর দিয়ে তৈরি সড়কটি এখনো পাকা না হওয়ায় ওই দুর্গম পথে চলতে গিয়ে দুর্ভোগে পড়তে হচ্ছে বাসিন্দাদের। শুধু তাই নয়, এলাকায় শিশুদের খেলার মাঠও নেই।
আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা মিনু আকতার (৩৫) বলেন, ‘পানির অভাব এখানে। কাছাকাছি গভীর নলকূপ ও পুকুর না থাকায় প্রতিদিনকার ধোয়ামোছার কাজে সমস্যা হচ্ছে। পানির সমস্যা দূর হলে স্বস্তি পেতাম।’
প্রকল্পে আশ্রিত শামসুল আলম (৫৮) বলেন, ‘আশ্রয়ণ প্রকল্পের ছয়টি নলকূপ বসানো হলেও এগুলো প্রায় বিকল থাকে। শুষ্ক মৌসুমে এসব নলকূপ দিয়ে পানি ওঠে না। তাই আমাদের একটি গভীর নলকূপ দরকার।’
হাজিগাঁও গ্রাম থেকে আশ্রয়ণ প্রকল্পে আসা রাজা মিয়া (৫৪) বলেন, পাড়ায় একটি খেলার মাঠ না থাকায় ছেলেমেয়েদের খেলাধুলায় সমস্যা হচ্ছে। দূরের পাহাড়ি এলাকায় গিয়ে তাদের খেলতে হয়।
এ ব্যাপারে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গৌতম বাড়ৈ প্রথম আলোকে বলেন, দেয়াং পাহাড়ের আশ্রয়ণ প্রকল্পটি পরিদর্শন করে সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হবে।