ভালো নেই তারাতাপাড়া আশ্রয়ণ প্রকল্পের মানুষ
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার তারাতাপাড়া আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো নির্মাণের পর গত এক যুগে আর সংস্কার করা হয়নি।
চার বছর আগে ঝড়ে প্রকল্পের ১০টি ঘরের চাল উড়ে গেলে আজও লাগানো হয়নি। বাকি ঘরগুলোর দশাও জরাজীর্ণ। একটু বৃষ্টিতে ঘর পানিতে সয়লাব হয়ে যায়। অভাব এখানকার বাসিন্দাদের নিত্যসঙ্গী। রয়েছে বিশুদ্ধ পানির সংকট।
উপজেলা সদর থেকে মাত্র চার কিলোমিটার দূরে খরকাবিলের জমিতে ২০০১ সালে সেনাবাহিনীর সহায়তায় এ আশ্রয়ণ প্রকল্প গড়া হয়।
এখানকার ১৫০টি ঘর বিভিন্ন এলাকার ভূমিহীন ১৫০টি পরিবারকে দেওয়া হয়। কিন্তু এরপর আর আশ্রয়ণ প্রকল্পের বসতঘর, নলকূপ, পয়োনিষ্কাশনের ব্যবস্থা কোনো কিছুরই সংস্কার করা হয়নি। এখানকার বাসিন্দারা কেউ দিনমজুর, কেউ ভিক্ষুক, কেউ অন্যের বাড়িতে কাজ করে।
সরেজমিনে গত শনিবার সকালে দেখা যায়, ১৫টির মধ্যে একটি ব্যারাকের ১০টি ঘরের চাল নেই। ২০০৫ সালের ঝড়ে উড়ে যাওয়ার পর আর সেগুলো লাগাতে পারেনি বাসিন্দারা। কর্তৃপক্ষও সংস্কার করেনি। প্রকল্পের বাকি ঘরগুলোর চালও ফুটা, দরজা-জানালা ভাঙা। ১৫টির মধ্যে নয়টি নলকূপই নষ্ট।
আশ্রয়ণ প্রকল্প বহুমুখী সমবায় সমিতির সভাপতি মছির আলী শেখ (৭০) জানান, বর্তমানে প্রকল্পের ১৫০টি পরিবারে মোট ৭০০ মানুষ আছে। এর মধ্যে পাঁচ থেকে দশ বছরের শিশু রয়েছে দেড় শ।
সমিতির সহসভাপতি আমিনুর রহমান বলেন, ‘দীর্ঘ ১৩ বছরেও কোনো সংস্থা থেকে আমরা কোনো ঋণ-সহায়তা পাইনি।’ তিনি আরও বলেন, ‘মাস তিনেক আগে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে লোকজন এসে আমাদের অবস্থা দেখে গেছেন। কিন্তু তারপর আর কোনো খোঁজ নেয়নি কেউ। দুই ঈদে পরিবারপিছু ভিজিএফের ১০ কেজি চাল ছাড়া আমরা সরকার থেকে আর কোনো সাহায্য পাই না।’