ভালো নেই দুর্ঘটনায় নিহতদের পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টঙ্গীর টাম্পাকো ফয়েলস লিমিটেড কারখানায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে নিহতদের পরিবার ও আহতদের হাতে আর্থিক অনুদানের চেক তুলে দেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক। এ দুর্ঘটনায় ৪২ জন নিহত ও ৪০ জন আহত হন l প্রথম আলো
টঙ্গীর টাম্পাকো ফয়েলস লিমিটেড কারখানায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে নিহতদের পরিবার ও আহতদের হাতে আর্থিক অনুদানের চেক তুলে দেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক। এ দুর্ঘটনায় ৪২ জন নিহত ও ৪০ জন আহত হন l প্রথম আলো

আট মাসের শিশুসন্তান আবুজর গিফারিকে কোলে নিয়ে সরকারের দেওয়া আর্থিক অনুদান নিতে এসেছিলেন মাসুদা খাতুন। পাঁচ মাস আগে গাজীপুরের টঙ্গীর টাম্পাকো ফয়েলস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মারা যান তাঁর স্বামী রফিকুল ইসলাম। স্বামীর মৃত্যুর পর শ্বশুরবাড়ির লোকজনের দুর্ব্যবহারে তাঁর ঠাঁই হয়েছে এখন বাবার বাড়িতে।

রফিকুলের সঙ্গে মাসুদার বিয়ে হয়েছিল টাম্পাকোর ঘটনার মাত্র দেড় বছর আগে। সংসার ঠিকমতো সাজানোর আগেই ভেঙে গেল। মাসুদা প্রথম আলোকে বলেন, বাচ্চাটার হৃৎপিণ্ডে ছিদ্র। আর্থিক অনুদান যা পাচ্ছেন, তা দিয়ে বাচ্চার চিকিৎসা করাচ্ছেন। কিছু রেখে দিচ্ছেন তার সামনের দিনের চিকিৎসার জন্য। নিজেকে নিয়ে এখনো ভাবছেন না।

টাম্পাকোয় অগ্নিকাণ্ডের ঘটনায় মাসুদার মতো স্বজনহারা বা এ ঘটনায় আহত ব্যক্তিরা গতকাল বৃহস্পতিবার জড়ো হয়েছিলেন টঙ্গীর কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শকের কার্যালয়ের সম্মেলনকক্ষে। শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক তাঁদের হাতে আর্থিক অনুদান তুলে দেন।

অনুদানের চেক হাতে নিয়ে ঝরঝর করে কেঁদে ফেলেন ঝরনা সরকার। চেকটি কোলের ওপর রেখে নিজ আসনে বসে অঝোরে কাঁদতে থাকেন এই বৃদ্ধা। তারই ফাঁকে জানালেন, ছেলেটাকে বড্ড মনে পড়ে তাঁর। ছোট হলেও পরিবারের হাল ধরেছিল। আর কথা আগায় না ঝরনা সরকারের। শাহান শাহ সুজনের বাবা আবদুল হান্নান ছিলেন কারখানার নিরাপত্তারক্ষী। মা শেফালী আক্তারকে সঙ্গে নিয়ে আর্থিক অনুদান নিতে এসেছিলেন এই তরুণ। পুরোটা সময়ই ছিল তাঁর মন ভার। জানালেন, বড় ভাই চাকরি পাওয়ার চেষ্টায় আছেন। অনটনে চলছে সংসার।

মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ৩২ জন শ্রমিকের স্বজনদের শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল থেকে দুই লাখ এবং মন্ত্রণালয়ের বিশেষ উদ্যোগে এক লাখ টাকা করে দেওয়া হয়েছে। আর আহত ৪০ জনকে দেওয়া হয়েছে ৫০ হাজার টাকা করে। নিহত ব্যক্তিদের একজনকে আহত অবস্থায় চিকিৎসা বাবদ ৫০ হাজার টাকা, আহত ব্যক্তিদের একজনকে ৫০ হাজার টাকা করে এবং নয়জনকে ১৫ হাজার টাকা করে দেওয়া হয়।

অনুষ্ঠানে মুজিবুল হক বলেন, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে এখন ২০০ কোটি টাকা রয়েছে। এ বছরই তা হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে। এই তহবিলের পুরো অর্থ শ্রমিকদের কল্যাণের পেছনেই ব্যয় হবে। সাংবাদিক ও শ্রমিকনেতাদের সমালোচনা করে মুজিবুল হক বলেন, রানা প্লাজার ঘটনায় ক্ষতিগ্রস্ত সব শ্রমিক আর্থিক অনুদান পেয়েছেন। কিন্তু তাঁরা বলে থাকেন, সবাই পাননি। একটা শ্রমিককে যদি তাঁরা অনুদান পাননি এমন দেখাতে পারেন, তাহলে দুই ঘণ্টার মধ্যে তাঁকে অনুদান পৌঁছে দেওয়া হবে।