ভালো ফল করায় উচ্ছ্বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাঙ্ক্ষিত ফল করায় উল্লা​েস মেতে ওঠেন নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের শিক্ষার্থীরা। গতকাল দুপুরে তোলা ছবি l প্রথম আলো
কাঙ্ক্ষিত ফল করায় উল্লা​েস মেতে ওঠেন নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের শিক্ষার্থীরা। গতকাল দুপুরে তোলা ছবি l প্রথম আলো

নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের শিক্ষার্থীরা এইচএসসিতে এবারও ভালো ফল করেছেন। গতকাল বৃহস্পতিবার প্রকাশিত ফলাফলে শিক্ষাপ্রতিষ্ঠানটির ৪৯৪ জন পরীক্ষার্থীর সবাই পাস করেছেন। তাঁদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ২৯৮ জন।
কলেজের প্রশাসনিক বিভাগ সূত্রে জানা যায়, আবদুল কাদির মোল্লা সিটি কলেজ ২০১২ সাল থেকে টানা তিন বছর ঢাকা বোর্ডে দ্বিতীয় স্থান অধিকার করে। গত বছর ও এ বছর সেরাদের তালিকায় না হলেও নিজেদের ধারাবাহিকতা অক্ষুণ্ন রেখেছে তারা। গতকাল বেলা দুইটায় ফলাফলের খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থী ও অভিভাবকেরা কলেজ প্রাঙ্গণে ছুটে আসেন। শিক্ষক-শিক্ষার্থীরা ঢোল পিটিয়ে নেচে-গেয়ে উল্লাস প্রকাশ করেন। এ বছর এইচএসসি পরীক্ষায় কলেজের মোট ৪৯৮ জন শিক্ষার্থী অংশ নিয়ে শতভাগ পাসসহ ২৯৮ জন জিপিএ-৫ পেয়েছেন। এর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ২০৪ জন পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছেন ২০২ জন। ব্যবসায় শিক্ষা শাখা থেকে ১৮৭ জন অংশ নিয়ে ৫০ জন এবং মানবিক শাখা থেকে ১০৩ জন অংশ নিয়ে ৪৬ জন জিপিএ-৫ পেয়েছেন।
বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পাওয়া অর্জয়িতা সাহা বলেন, ‘শিক্ষকদের সঠিক দিকনির্দেশনা, নিয়মিত ক্লাস, বিশেষ ক্লাস, হোম ভিজিট, টিউটোরিয়াল ও মাসিক পরীক্ষার কারণে ভালো ফল হয়েছে।’
জিপিএ-৫ পাওয়া আরেক শিক্ষার্থী ফারাজ বিন সিদ্দিক বলেন, ‘আমরা হোস্টেলে থাকিনি। কলেজের শিক্ষকেরা নিয়মিত আমাদের বাসায় এসে খোঁজখবর নিতেন। এ কারণে আমাদের প্রতিনিয়ত লেখাপড়ায় ব্যস্ত থাকতে হয়েছে। এতে আমাদের এই সাফল্য।’
আবদুল কাদির মোল্লা সিটি কলেজের প্রতিষ্ঠাতা ও থার্মেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুল কাদির মোল্লা বলেন, ‘আমাদের তরুণ শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম ও শিক্ষার্থীদের আন্তরিকতায় এবারও আমাদের ফল ভালো। এই ধারাবাহিকতা রক্ষায় আমার নিরন্তর চেষ্টা আছে, আগেও ছিল, ভবিষ্যতেও থাকবে।’
অধ্যক্ষ মশিউর রহমান মৃধা বলেন, ‘এই কলেজের একঝাঁক তরুণ মেধাবী শিক্ষক সকাল থেকে শুরু করে রাত অবধি নিরন্তর পরিশ্রম করেছেন। তাঁদের চেষ্টায় ধারাবাহিক এই সাফল্য। প্রতি ২০ জন শিক্ষার্থীর জন্য একজন দিকনির্দেশক শিক্ষক শুধু লেখাপড়া নয়, তাদের খেলাধুলা, স্বাস্থ্য, বিনোদন থেকে শুরু করে সব ধরনের চাহিদা পূরণে নিরন্তর শ্রম দিচ্ছেন।’
২০০৬ সালে থার্মেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুল কাদির মোল্লা নরসিংদীতে নিজের নামে আবদুল কাদির মোল্লা সিটি কলেজ প্রতিষ্ঠা করেন। বর্তমানে ৫৩ জন শিক্ষক-শিক্ষিকার সার্বিক তত্ত্বাবধানে কলেজটি পরিচালিত হচ্ছে। কলেজটি প্রতিষ্ঠিত হওয়ার পর এ পর্যন্ত নয়বার উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করে আটবার শতভাগ পাসসহ ২০০৯ সালে ঢাকা বোর্ডে পঞ্চম ও সারা দেশে ষষ্ঠ হয়। এ ছাড়া ২০১০ সালে জেলার সেরা শিক্ষাপ্রতিষ্ঠান, ২০১১ সালে ঢাকা বোর্ডে মেধাতালিকায় সপ্তম ও শতভাগ পাসের দিক দিয়ে সারা দেশে চতুর্থ হয়। ২০১২, ২০১৩, ২০১৪ ঢাকা বোর্ডে মেধাতালিকায় শতভাগ পাসসহ সারা দেশে দ্বিতীয় স্থান অর্জন করে শিক্ষাপ্রতিষ্ঠানটি। ২০১৫ সালেও শতভাগ পাস করেন এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।