বরিশালে উচ্চমাধ্যমিকে ভর্তি হতে গিয়ে শিক্ষার্থীরা মেধা তালিকার গোলকধাঁধায় পড়েছে। সব বিষয়ে জিপিএ-৫ পেয়েও শিক্ষার্থীদের অপেক্ষার সারিতে থাকতে হচ্ছে। এদিকে কোটাব্যবস্থা থাকায় সব বিষয়ে জিপিএ-৫ না পেয়েও অনেকে ভর্তি হয়ে যাচ্ছেন।
বরিশাল শিক্ষা বোর্ডের অধীন বিভিন্ন কলেজে গতকাল শনিবার থেকে মেধা তালিকা অনুযায়ী উচ্চমাধ্যমিকে ভর্তি শুরু হয়েছে। পটুয়াখালীর শিক্ষার্থী মারিয়া লাবণ্য মাধ্যমিকে সব বিষয়ে জিপিএ-৫ পেয়েছে। তার বরিশাল অমৃত লাল দে মহাবিদ্যালয়ে পড়ার ইচ্ছা ছিল। সে অনুযায়ী ভর্তির আবেদনে পছন্দের ১ নম্বরে ওই কলেজের নামও দেয়। দ্বিতীয় পছন্দ ছিল সরকারি মহিলা কলেজ ও তৃতীয় সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ। কিন্তু এই তিন কলেজের কোনোটির মেধা তালিকায় নিজের নাম না দেখতে পেয়ে মারিয়া হতাশ।
মারিয়া বলে, ‘স্বপ্নপূরণের প্রথম ধাপেই হোঁচট খেলাম। পছন্দের কোনো কলেজের তালিকায় আমার নাম আসেনি। অথচ এক বিষয়ে জিপিএ-৫ না পেয়েও মেধা তালিকায় কয়েকজনের নাম এসেছে। এটা কীভাবে সম্ভব হলো?’
অভিভাবক নাজমা বেগম অভিযোগ করেন, ‘সব বিষয়ে জিপিএ-৫ পেয়ে কী লাভ হলো? পছন্দের কলেজেই যদি ভর্তি করাতে না পারলাম। শিক্ষা বোর্ড কিসের ভিত্তিতে মেধা তালিকা তৈরি করল?’
বরিশাল সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ এ কে এম এনায়েত হোসাইন প্রথম আলোকে বলেন, ‘মেধা তালিকা দেখে আমরা হতবাক হয়েছি। সব কটা বিষয়ে জিপিএ-৫ পেয়েও অপেক্ষার তালিকায় কেন? তারপরও আমাদের কিছু করার নেই। বিষয়টি বোর্ড কর্তৃপক্ষই ভালো বলতে পারবে।’
বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ শাখার এক কর্মকর্তা বলেন, ভর্তির নীতিমালা অনুযায়ী ছয়টি কোটায় মোট ১১ ভাগ আসন সংরক্ষিত। এগুলোর মধ্যে মুক্তিযোদ্ধা কোটা, শিক্ষা কোটা (কলেজশিক্ষকদের সন্তান), বিশেষ কোটা (প্রতিষ্ঠান পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তাদের সন্তান এবং ওই প্রতিষ্ঠানের শিক্ষকদের সন্তান), জেলা কোটা, বিকেএসপি ও প্রবাসী কোটা আছে। এই কোটার কারণে কিছু শিক্ষার্থী সব বিষয়ে জিপিএ-৫ না পেলেও ভর্তির সুযোগ পেয়েছে।
এ প্রতিবেদক সরকারি মহিলা কলেজের মেধা তালিকা দেখে তিনজন শিক্ষার্থীকে বের করেন, যারা সব বিষয়ে জিপিএ-৫ পায়নি। তারপরও তারা মেধা তালিকায় থেকে গতকাল শনিবারই ভর্তি হয়েছে। সরকারি মহিলা কলেজ ছাড়াও অমৃত লাল দে মহাবিদ্যালয়, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজেও এ রকম হয়েছে।
অমৃত লাল দে মহাবিদ্যালয়ের অধ্যক্ষ তপংকর চক্রবর্তী বলেন, ‘সব বিষয় জিপিএ-৫ পেয়ে আমার কলেজে ভর্তি হতে পারেনি—এ রকম অভিযোগ অনেক। অনলাইনের এ ব্যবস্থা সম্পর্কে আমরা পারদর্শী নই। আমার ধারণা, যারা এটা (মেধা তালিকা) করেছে তাঁরাও পারদর্শী নয়। তাহলে এ রকম হতো না।’
বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক মো. লিয়াকত হোসেন বলেন, মেধাক্রম শিক্ষা বোর্ড করেনি। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) সারা দেশের শিক্ষা বোর্ডের ওই মেধাক্রম করে দিয়েছে। কোটার কারণে কিছু শিক্ষার্থী সব বিষয়ে জিপিএ-৫ না পেয়েও কোনো কোনো কলেজে ভর্তির সুযোগ পেয়েছে। এখানে বোর্ডের কোনো হাত নেই। তবে একজন শিক্ষার্থী পছন্দ অনুযায়ী ১০টি কলেজ দিয়েছে। সে কারণে অপেক্ষায় থাকা শিক্ষার্থীদের বেশির ভাগ ভর্তির সুযোগ পাবে।
এ ব্যাপারে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মু জিয়াউল হক বলেন, এক বিষয়ে জিপিএ-৫ না পেয়েও মোট নম্বরে এগিয়ে থাকার কারণে অনেকের মেধা তালিকায় নাম চলে আসতে পারে। তারপরও যদি কোনো শিক্ষার্থী সমস্যা নিয়ে আসে, তাঁরা সেটা সমাধান করে দেবেন।