ভালো ফল করেও কলেজে ভর্তি নিয়ে অনিশ্চয়তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে এসএসসিতে সবকটি বিষয়ে জিপিএ-৫ পেয়েছে কানিজ ফাতেমা চৈতি। এইচএসসিতে ভর্তির জন্য অনলাইনে নগরের সিটি, সুন্দরবন, খুলনা সরকারি মহিলা কলেজ ও পাইওনিয়ার কলেজে আবেদন করেছিল সে। তিনটি কলেজের অপেক্ষমাণ তালিকায় আছে তার নাম।
চৈতির মতো খুলনার নামীদামি স্কুল থেকে সব বিষয়ে জিপিএ-৫ পাওয়া অনেক শিক্ষার্থীর এবার পছন্দের কলেজে ভর্তি অনিশ্চিত হয়ে পড়েছে। জিপিএ-৫ পাওয়া অনেক শিক্ষার্থীর নাম অপেক্ষমাণ তালিকায় থাকলেও সরাসরি ভর্তির জন্য তারা নির্বাচিত হয়নি। অথচ অপেক্ষাকৃত কম জিপিএ পেয়েও অনেকে এসব নামী কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন বলে অভিযোগ করেন শিক্ষার্থী ও অভিভাবকেরা। আর এ নিয়ে শিক্ষার্থীদের পাশাপাশি চিন্তিত হয়ে পড়েছেন অভিভাবকেরাও।
এ নিয়ে গতকাল শনিবার দুপুরে খুলনা প্রেসক্লাবে জিপিএ-৫ পাওয়া ২৬ শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা সংবাদ সম্মেলন করেছেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, ফলাফল প্রকাশের পর দেখা যাচ্ছে, সব বিষয়ে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের নাম অপেক্ষমাণ তালিকায় আছে। কিন্তু যারা কম জিপিএ পেয়েছে তারা ভর্তির সুযোগ পেয়েছে। ভর্তির কার্যক্রম শুরু হয়েছে। অপেক্ষমাণ তালিকায়ও অনেক পরের দিকে নাম থাকায় এসব শিক্ষার্থী নামী কলেজগুলোতে ভর্তির সুযোগ পাবে না।
অভিযোগ তুলে সংবাদ সম্মেলনে বলা হয়, কম্পিউটার বা সফটওয়্যারে ত্রুটির কারণে এমনটা হতে পারে।
যশোরের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, ‘যশোর-খুলনাতে অনেক গোল্ডেন জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী চান্স না পেলেও সাধারণ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পেয়েছে। কেন এমনটা হয়েছে প্রশ্নটা আমারও।’