শিক্ষার্থী–সংকটে পড়তে পারে কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজ
জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের চেয়ে বিশ্ববিদ্যালয়-মেডিকেলে আসন বেশি
উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা এখন প্রস্তুত হচ্ছেন ‘ভর্তিযুদ্ধের’ জন্য। তবে এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের তুলনায় পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজগুলোতে আসনসংখ্যা বেশি।
গত রোববার প্রকাশিত এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল এবং পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের আসনসংখ্যা পর্যালোচনা করে এমন চিত্র দেখা যাচ্ছে। এবার মেধার সর্বোচ্চ স্বীকৃতি জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা গতবারের চেয়ে প্রায় ২৮ হাজার কমে গেছে। এবার ১০ বোর্ড মিলিয়ে জিপিএ-৫ পেয়েছেন ৪২ হাজার ৮৯৪ জন শিক্ষার্থী। বিপরীতে পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজগুলোতে আসন রয়েছে প্রায় ৫০ হাজার। এর বাইরে রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও ফাজিল মাদ্রাসা। ফলে শিক্ষার্থী সংকটে পড়তে পারে কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজ।
এবার আটটি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি বোর্ডে মোট পাস করেছেন ৭ লাখ ৩৮ হাজার ৮৭২ জন। এর মধ্যে এইচএসসিতে পাস করেছেন ৫ লাখ ৭৭ হাজার ৮৭ জন।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি), স্বাস্থ্য অধিদপ্তর ও বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির হিসাব অনুযায়ী, এবার উচ্চশিক্ষায় ভর্তিযোগ্য আসন প্রায় সাত লাখ। এর মধ্যে জাতীয় ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বাদে শুধু পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে আসন আছে ৪২ হাজার ৯৮৪টি। সরকারি-বেসরকারি মেডিকেল কলেজগুলোতে আসন আছে ৯ হাজার ১১২টি।
অন্যদিকে এবার শুধু এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছেন ৩৪ হাজার ৭২১ জন। বিজ্ঞানে জিপিএ-৫ পেয়েছেন ২৬ হাজার ৫৫৬ জন। মেডিকেল কলেজ, প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলো ছাড়াও পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য কয়েক হাজার আসন রয়েছে।
পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে মানবিক শাখার বিষয়গুলোতে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংকট হবে। আটটি সাধারণ শিক্ষা বোর্ডে মানবিকে জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৪৪৩ জন। মাদ্রাসা বোর্ডের আলিমে জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৪৩৫ জন। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়েই ‘খ’ ইউনিটের মাধ্যমে মানবিক শাখার শিক্ষার্থীদের ভর্তির জন্য আসন আছে প্রায় ২ হাজার ২০০। অন্যান্য বিশ্ববিদ্যালয়ে মানবিকে আরও কয়েক হাজার আসন রয়েছে। ভর্তি পরীক্ষার সময় এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলের ওপর ভিত্তি করে পয়েন্ট ভর্তি পরীক্ষার নম্বরের সঙ্গে যোগ হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক মো. আখতারুজ্জামান গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, জিপিএ-৫ পাওয়াই চূড়ান্ত নয়, ভর্তির জন্য যাঁদের ন্যূনতম যোগ্যতা আছে, তাঁরা যদি ভর্তি পরীক্ষায় ভালো করেন, তাহলে তুলনামূলক খারাপ ফল করেও ভর্তির সুযোগ পাবেন।
ইউজিসির তথ্য অনুযায়ী, মোট আসনের মধ্যে জাতীয় ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়সহ ৩৭টি (দুটির কার্যক্রম শুরু হয়নি) স্বায়ত্তশাসিত ও সরকারি বিশ্ববিদ্যালয়ে সম্মান ও ডিগ্রি পাস কোর্সে ভর্তিযোগ্য আসন আছে ৫ লাখ ২১ হাজার ১৮৪টি। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে আছে প্রায় এক লাখ আসন। ফাজিল স্তরের মাদ্রাসায় আসন আছে প্রায় ৫০ হাজার, দুটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে আসন আছে ৫৪৫টি।
এর মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২ হাজার ১৫৪টি কলেজে স্নাতক (সম্মান) ও ডিগ্রি পাস কোর্সে আসন আছে ৪ লাখ ৪৪ হাজার ২০০। স্নাতকে (সম্মান) আছে দুই লাখের সামান্য বেশি। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে আসন আছে ৩৪ হাজার। ইউজিসি ও জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আশঙ্কা, এবার ডিগ্রি পাস কোর্স পড়ানো হয় এমন কিছু কলেজ প্রত্যাশিত শিক্ষার্থী পাবে না। কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়েও এমন সংকট হতে পারে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসন আছে সাত হাজার দুটি, জাহাঙ্গীরনগরে আড়াই হাজার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চার হাজার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৪ হাজার ৬৫০টি, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৪০০, ইসলামী বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৪৬৫টি, খুলনা বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৩৭টি, জগন্নাথে ২ হাজার ৮৫০টি আসন আছে।