নানাবিধ সমস্যার কারণে পাট নিয়ে বিপাকে পড়েছেন রাজবাড়ীর কৃষকেরা। জেলায় শ্রমিকের মজুরি অনেক বেশি। এদিকে পাট জাগ দেওয়ার জন্য যথেষ্ট জলাশয় নেই। আবার পাটের বাজারদরও আশানুরূপ নয়। ফলে ফলন ভালো হলেও লোকসানের আশঙ্কা করছেন পাটচাষিরা।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা কার্যালয় সূত্রে জানা যায়, রাজবাড়ীর মাটি পাট চাষের জন্য বেশ উপযোগী। তাই প্রতিবছর জেলায় পাট চাষের পরিমাণ বাড়ছে। এ বছর পাট চাষের লক্ষ্যমাত্রা ছিল ৪০ হাজার হেক্টর জমি। কিন্তু তার চেয়ে ৮ হাজার হেক্টর বেশি জমিতে আবাদ হয়েছে। গত বছর ৪১ হাজার ১৭৬ হেক্টর ও তার আগের বছর ৩৮ হাজার ৫০০ হেক্টর জমিতে পাটের আবাদ হয়।
কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, এ বছর পাট চাষের সময় থেকেই রাজবাড়ীতে তুলনামূলক কম বৃষ্টিপাত হচ্ছে। ফলে পাটের খেতে সেচ বেশি লেগেছে। আবার এখন পাট জাগ দেওয়ার জায়গা নেই। এ জন্য পাট দূরদূরান্তে নিয়ে যেতে হওয়ায় বাড়তি খরচ লাগছে। ওদিকে শ্রমিকের মজুরিও বেশি; জনপ্রতি ৫৫০ থেকে ৬০০ টাকা। বাজারে পাটের দামও আশানুরূপ নয়; মণপ্রতি সর্বোচ্চ ১ হাজার ৮০০ টাকা। পাট বিক্রির টাকা কৃষকের ঘরে কিছুই থাকছে না।
বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের পাটুরিয়া গ্রামের শিমুল দাস বলেন, তিনি এ বছর দুই একর (২০০ শতক) জমিতে পাট চাষ করেছেন। জমি পাট চাষের উপযোগী করা থেকে বাজারে পাট বিক্রি করা পর্যন্ত একরে খরচ হবে প্রায় ৫৬ হাজার টাকা। একরপ্রতি উৎপাদন হবে প্রায় ২৭ মণ পাট। বর্তমান বাজারদরে তা সর্বোচ্চ ৪৮ হাজার ৬০০ টাকায় বেচতে পারবেন। সে হিসেবে একরে প্রায় ৮ হাজার টাকা লোকসান হবে।
রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের কল্যাণপুর গ্রামের আইয়ুব আলী গাজী বলেন, তিনি এবার ২২ শতক জমিতে পাট চাষ করেছেন। কিন্তু বৃষ্টি কম হওয়ায় পুকুর বা খালে তেমন পানি নেই। ফলে পাট জাগ দিতে পারছেন না তিনি।
শহীদ ওহাবপুর ইউনিয়নের দর্প নারায়ণপুর গ্রামের তারেক শেখ বলেন, কয়েক দিন বৃষ্টি দেখে খেতের পাট কাটেন তিনি। কিন্তু তারপর থেকে বৃষ্টি বন্ধ। উপায় না দেখে তিনি প্রায় ১০ কিলোমিটার দূরে মাশাইলা বিলে গাড়িতে করে পাট নিয়ে যাচ্ছেন। সব মিলিয়ে এখন আয়ের চেয়ে ব্যয় বেশি হয়ে যাচ্ছে। তিনি পাটের দাম মণপ্রতি অন্তত আড়াই হাজার টাকা নির্ধারণের দাবি জানান।
কল্যাণপুর গ্রামের আবদুর রশিদ শেখ বলেন, শ্রমিকের মজুরি বেশি হওয়ায় ও জাগ দেওয়ার জায়গা না থাকায় তিনি জমির পাট কাটছেনই না। পদ্মা নদীর জলকপাট (স্লুইসগেট) খুলে দিয়ে সব এলাকায় পানিপ্রবাহের দাবি জানান তিনি।
পাউবোর নির্বাহী প্রকৌশলী গৌরপদ সূত্রধর বলেন, জেলায় ২০টি স্লুইসগেট আছে। এর মধ্যে একটি খোলা হয়েছিল। স্থানীয় ব্যক্তিদের বিরোধিতার কারণে পরে সেটি বন্ধ করে দিতে হয়েছে। তবে কোনো এলাকার লোকজন চাইলে, অথবা জনপ্রতিনিধি কিংবা ইউএনও বললে স্লুইসগেট খুলে দেওয়া হবে।