ভালো ফলনে কৃষকের হাসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালায় আমনের ফলন ভালো হয়েছে। চলতি বছর আমনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। ভালো ফলন হওয়ায় খুশি কৃষকেরা।
উপজেলার পাবলাখালী বিলে গিয়ে দেখা যায়, ১৫ জন শ্রমিক নিয়ে ধান কাটছেন কৃষক আনন্দ চাকমা। তিনি জানান, তিনি চলতি বছর দেড় একর জমিতে আমন চাষ করেছেন। গত বছরের তুলনায় ফলন ভালো হয়েছে। আনন্দ চাকমা বলেন, সেচসুবিধা না থাকায় এই কৃষি ব্লকে বোরো মৌসুমে চাষ করা সম্ভব হয় না। সেচের ব্যবস্থা করলে বোরো মৌসুমেও সব জমিতে চাষ করা সম্ভব হতো।
কৃষি বিভাগের হিসাব অনুযায়ী, চলতি বছর উপজেলার ২২টি কৃষি ব্লকে সাড়ে ১১ হাজার কৃষক চার হাজার ৭৭০ হেক্টর জমিতে আমন চাষ করেছেন। এ বছর ১২ হাজার ৭০৭ মেট্রিক টন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে এ বছর লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে তাঁরা আশা করছেন। তিনি জানান, গত বছর ১০ হাজার কৃষক চার হাজার ৭৪৫ হেক্টর জমিতে আমন চাষ করেছিলেন। উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ১২ হাজার ৫০৮ মেট্রিক টন। কিন্তু লক্ষ্যমাত্রা ছাড়িয়ে উৎপাদন হয়েছে ১৩ হাজার ৭৮৪ মেট্রিক টন চাল।
বোয়ালখালী কৃষি ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা সুজন চাকমা ও কাটারুংছড়া কৃষি ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা সুপন চাকমা জানান, গত বছরের তুলনায় চলতি বছর ফলন অনেক ভালো হয়েছে।
এক নম্বর ছোট মেরুং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোশারফ হোসেন বলেন, ইউনিয়নে আটটি কৃষি ব্লক আছে। এ বছর প্রতিটি ব্লকেই আমনের বাম্পার ফলন হয়েছে।
উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মোখলেছুর রহমান বলেন, এ বছর চাষের সময় খরা হয়নি। চাষিদের অক্লান্ত পরিশ্রম আর কৃষি বিভাগের পরামর্শের কারণে বাম্পার ফলন হয়েছে।