ভালো ফলেও কাটে না শঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিজানুর রহমান,মুজাহিদ বিল্লাহ,জাকারিয়া আহমেদ,শাহারিয়ার আহমেদ
মিজানুর রহমান,মুজাহিদ বিল্লাহ,জাকারিয়া আহমেদ,শাহারিয়ার আহমেদ

এতিমখানা ও আত্মীয়র বাড়িতে থেকে পড়াশোনা করেছে মিজানুর রহমান। খেতে কাজ করেছে মুজাহিদ বিল্লাহ। তীব্র অভাব-অনটনের মধ্যেও লেখাপড়া চালিয়ে গেছে দুই ভাই শাহরিয়ার ও জাকারিয়া। ওরা সবাই এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। পরীক্ষায় ভালো ফল করলেও টাকার অভাবে কলেজে ভর্তি হতে পারবে না বলে আশঙ্কা করছে ওরা৷

মিজানুরের ভয়: তিন বছর বয়সে বাবাকে হারায় কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা গ্রামের মিজানুর রহমান। এরপর মা শাহেনা পারভিন তাকে কক্সবাজার শহরের বায়তুশশরফ জব্বারিয়া এতিমখানায় রেখে যান। এখানে সে নয় বছর ছিল। এতিমখানায় সে অষ্টম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করে। এরপর আর থাকার ব্যবস্থা না থাকায় সে চলে যায় শহরের পেশকারপাড়ার এক আত্মীয়র বাড়িতে। সেখানে থেকে সে মনোযোগ দিয়ে লেখাপড়া করেছে। তাকে সহায়তা করেছে এতিমখানা কর্তৃপক্ষ এবং ওই আত্মীয়। ভালো করার প্রবল আগ্রহ ও অধ্যবসায়ের কারণে সে ব্যবসায় শিক্ষা বিভাগে জিপিএ-৫ পেয়ে তার দুঃখী মায়ের মুখে হাসি ফুটিয়েছে। তবে কলেজে ভর্তি হওয়া নিয়ে চিন্তিত হয়ে পড়েছে সে। কারণ, তার মা কাপড় সেলাই করে যা আয় করেন, তা দিয়ে তার চার ভাইবোনের পড়ালেখার খরচ চালানোই সম্ভব হয় না। তা ছাড়া সে যে আত্মীয়ের বাসায় থাকত, সেই আত্মীয় চট্টগ্রামে বদলি হয়ে গেছেন। মিজানুর বলে, ওই আত্মীয় বদলি হয়ে যাওয়ায় শহরে আর থাকা সম্ভব হবে না। এ ছাড়া কলেজে ভর্তি ও বই কেনার টাকাও তার কাছে নেই। সে কক্সবাজার জব্বারিয়া একাডেিমর ছাত্র ছিল।

হার মানেনি মুজাহিদ: বছরের সাত মাসই জলাবদ্ধ থাকে মুজাহিদ বিল্লাহদের বাড়ি। ওদের বাড়ি সাতক্ষীরার তালা উপজেলার আচিমতলা গ্রামে। ওর বাবা হাবিবুর রহমান কৃষিশ্রমিক। বছরের বেশির ভাগ সময় জমিতে পানি থাকায় তাঁর হাতে কাজ থাকে না। তাই আয়-রোজগারও কম। দরিদ্র বাবার সন্তান সে। পদে পদে ছিল বাধা। এর পরও সে নিয়মিত পড়াশোনা করে উপজেলার খলিশখালী মাধ্যমিক বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। মুজাহিদ বলে, তার বাবার একার পক্ষে সংসার চালানো কঠিন। তাই বাধ্য হয়ে নবম শ্রেণিতে ওঠার পর বাবার সঙ্গে মাঝেমধ্যে খেতে কাজ করতে হয়েছে। জলাবদ্ধতার সময় সে গৃহশিক্ষকতা করেছে। সে চিকিৎসক হতে চায়। প্রধান শিক্ষক আবদুস সবুর জানান, সহযোগিতা পেলে মুজাহিদ তার লক্ষ্যে পৌঁছানোর পাশাপাশি দেশের মুখ উজ্জ্বল করতে পারবে।

দুই ভাই আঁধার ঘরের আলো: দিনাজপুর সদর উপজেলার কাশিমপুর মাঝাপাড়া গ্রামের মফিজ উদ্দিন দিনমজুর। তাঁর আয়ে সংসার চলে না। ছেলেমেয়েদের ভালো পোশাক দিতে পারেন না। থাকার ঘরটিও মাটির। এ রকম এক হতদরিদ্র বাবার দুই ছেলে এবার বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে। এদের মধ্যে ছোট ছেলে সব বিষয়ে জিপিএ-৫ পেয়েছে। ওরা চেরাডাঙ্গী উচ্চবিদ্যালয়ের ছাত্র ছিল। ওদের মা সাবিহা বেগম বললেন, সন্তানদের লেখাপড়া করানোর সামর্থ্য তাঁদের নেই। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমানের সহায়তা ও ওদের নিজেদের চেষ্টায় ওরা ভালো ফল করেছে। প্রধান শিক্ষক মিজানুর রহমান বলেন, দুই ভাইয়ের মধ্যে ছোট শাহরিয়ার পরীক্ষায় সব সময় প্রথম এবং বড় ভাই জাকারিয়া দ্বিতীয় হতো।
[প্রতিবেদনটি তৈরিতে সহায়তা করেছেন আব্দুল কুদ্দুস, কক্সবাজার; কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা ও আসাদুল্লাহ্ সরকার, দিনাজপুর]