
কলেজের মাঠের এক পাশে মঞ্চ সাজানো হয়েছে। মঞ্চের পাশে কয়েকজন নাচছেন, কেউ কেউ সহপাঠীদের হাত ধরে বৃত্ত তৈরি করে ঘুরছেন, কেউ ফল দেখে দৌড়ে এসে সহপাঠীকে জড়িয়ে ধরে আনন্দ ভাগাভাগি করছেন।
গতকাল বৃহস্পতিবার এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পর এমন দৃশ্য দেখা গেল রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের বাঁধভাঙা আনন্দ ছড়িয়ে পড়ে তাঁদের অভিভাবক, শিক্ষক ও কলেজের অনুজদের মধ্যেও।
মাঠে ড্রাম বাজাচ্ছিল দ্বিতীয় বর্ষের কয়েকজন ছাত্রী। তাদের পাশে ঘুরে ঘুরে নাচছিল একই বর্ষের কয়েকজন। বড় আপুদের সাফল্যে তারাও আনন্দিত। তাদের মধ্যে মাহজাবিন আক্তার ও তাহমিনা বলল, ‘আমাদেরও খুব ভালো লাগছে।’
বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পাওয়া রুকাইয়া ইসলাম হৃদিতা, ওয়াসিকা মিম, মানবিক বিভাগের হোসনে তাসমিয়া মুনিয়া ও ব্যবসায় শিক্ষা বিভাগের কয়েকজন কৃতী শিক্ষার্থীকে মাঠের মধ্যে পরস্পরের সঙ্গে কোলাকুলি করতে দেখা গেল। তাঁদের থেকে একটু দূরে ছিলেন আনন্দিত দুই অভিভাবক বনশ্রী দাস ও নাজমা ইসলাম। বনশ্রী দাসের মেয়ে শতাব্দী দাস ও নাজমা ইসলামের মেয়ে নুসরাত জাহান বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছেন। নাজমা ইসলাম প্রথম আলোকে বলেন, ‘মেয়ের জন্ম হওয়ার পর এত আনন্দ লেগেছিল। এখন মনে হচ্ছে আমি সার্থক মা।’ ভালো ফলের কারণ হিসেবে সবার আগে তিনি রাখতে চান মেয়ের চেষ্টাকে। সহযোগিতার জন্য শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
ব্যবসায় শিক্ষা বিভাগের হৃদিকা আফরোজ জিপিএ-৫ পাননি। মা-মেয়ে কাঁদছিলেন। পরে চোখ মুছে হৃদিকা বললেন, ‘কাঁদবা না মা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে দেখাব।’
মাঠের একপ্রান্তে বসে কাঁদছিলেন ব্যবসায় শিক্ষায় জিপিএ-৫ না পাওয়া আরেক শিক্ষার্থী ও তাঁর মা। ওই শিক্ষার্থীকে ঘিরে সান্ত্বনা দিচ্ছেন সহপাঠীরা।
এবার এইচএসসি পরীক্ষায় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে পাসের হার ৯৯.৪৩ শতাংশ। সব বিভাগ মিলিয়ে পরীক্ষার্থী ছিলেন ১ হাজার ৫৬৮ জন। তাঁদের মধ্যে পাস করেছেন ১ হাজার ৫৫৯ জন এবং জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ১৪০ জন। কলেজের অধ্যক্ষ সুফিয়া খাতুন সাংবাদিকদের এসব তথ্য জানান।
শিক্ষার্থীদের ভালো ফলের কারণ হিসেবে অধ্যক্ষ বলেন, শিক্ষকদের নিরলস প্রচেষ্টা, শিক্ষার্থীদের নিবিষ্ট মনোযোগ এবং অভিভাবকদের সহযোগিতা ও সন্তানদের প্রতি মনোযোগ ভালো ফল এনেছে। তিনি বলেন, তাঁরা ভালো ফলের পাশাপাশি ক্লাসে শিক্ষার্থীদের ভালো মানুষ হওয়ার শিক্ষা দেন। তাদের নৈতিক শিক্ষা দেন, যাতে তারা সুনাগরিক হিসেবে গড়ে ওঠে।