
শুধু মুখের কথায় সব ছেলেমেয়ে বিজ্ঞান পড়া শুরু করে দেবে বলে মনে করেন না শিক্ষাবিদ ও শিশু সাহিত্যিক ড. মুহম্মদ জাফর ইকবাল। বরং বিজ্ঞানে শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে প্রয়োজন ভালো পাঠ্যবই ও সহজ পড়া।
জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড ও শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেস উপলক্ষে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি আয়োজিত সংবাদ সম্মেলনে ড. মুহম্মদ জাফর ইকবাল এসব কথা বলেন। আজ শনিবার রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে এটি অনুষ্ঠিত হয়।
এই শিক্ষাবিদ বলেন, মুখের কথায় সব শিক্ষার্থী বিজ্ঞান পড়া শুরু করবে না। তাদের মধ্যে বিজ্ঞানের প্রতি আগ্রহ তৈরি করতে হবে। বিজ্ঞান পড়া যেন সহজ হয়, ভালো পাঠ্যবই যেন থাকে, সেদিকে নজর দিতে হবে। এ জন্য প্রয়োজন সমন্বিত উদ্যোগ। ২০১৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে সবচেয়ে বেশি শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন—উল্লেখ করে তিনি বলেন, বিজ্ঞানের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ কিছুটা হলেও বেড়েছে। বিজ্ঞানের শিক্ষার্থী কমে যাওয়ার প্রবণতা ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের (বিএফএফ) আয়োজনে আগামী ২৭ আগস্ট ঢাকার টিচার্স ট্রেনিং কলেজে অনুষ্ঠিত হবে বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড। এ ছাড়া ২৩ ও ২৪ সেপ্টেম্বর ঢাকার ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে অনুষ্ঠিত হবে শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেস-২০১৬।
সংবাদ সম্মেলনে শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেসের বিভিন্ন বিষয় তুলে ধরেন বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির সভাপতি অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল। আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান চৌধুরী, বিশিষ্ট বিজ্ঞানী ড. রেজাউর রহমান প্রমুখ।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে যারা বিজয়ী হবে, তাদের নিয়ে পরবর্তী সময়ে একাধিক ক্যাম্পের মাধ্যমে ইন্টারন্যাশনাল জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের (আইজেএসও) জন্য বাংলাদেশ দলের সদস্য নির্বাচন করা হবে। আইজেএসওর এবারের আয়োজন হবে ইন্দোনেশিয়ার বালিতে। আগামী ২ থেকে ১১ ডিসেম্বর এটি অনুষ্ঠিত হবে।
অন্যদিকে শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেসে প্রাইমারি, জুনিয়র ও সিনিয়র বিভাগে খুদে বিজ্ঞানীরা বৈজ্ঞানিক নিবন্ধ, বিজ্ঞান প্রকল্প ও পোস্টারের মাধ্যমে নিজেদের ধারণা প্রকাশ করবে। বৈজ্ঞানিক পদ্ধতির প্রতি শিক্ষার্থীদের আগ্রহী করে তোলাই এ আয়োজনের লক্ষ্য। দুই দিনের এই কংগ্রেস থেকে সেরা ৪০ জন শিক্ষার্থীকে নিয়ে ঢাকায় চতুর্থ জগদীশ বসু বিজ্ঞান ক্যাম্প আয়োজন করা হবে।
এই দুই আয়োজনে সহযোগী হিসেবে রয়েছে ইন্টারনেট সেবা প্রদানকারী সংস্থা ডোজ, ডিজিটাল মার্কেটিং সংস্থা ক্রো-ল্যাব ও অন্যরকম বিজ্ঞান বাক্স।