শুধু মুখের কথায় সব ছেলেমেয়ে বিজ্ঞান পড়া শুরু করে দেবে বলে মনে করেন না শিক্ষাবিদ মুহম্মদ জাফর ইকবাল। বরং বিজ্ঞানে শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে প্রয়োজন ভালো পাঠ্যবই ও সহজ পড়া।
জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড ও শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেস উপলক্ষে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি আয়োজিত সংবাদ সম্মেলনে মুহম্মদ জাফর ইকবাল এসব কথা বলেন। গতকাল শনিবার রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
জাফর ইকবাল বলেন, মুখের কথায় সব শিক্ষার্থী বিজ্ঞান পড়া শুরু করবে না। তাদের মধ্যে বিজ্ঞানের প্রতি আগ্রহ তৈরি করতে হবে। বিজ্ঞান পড়া যেন সহজ হয়, ভালো পাঠ্যবই যেন থাকে, সেদিকে নজর দিতে হবে। এ জন্য প্রয়োজন সমন্বিত উদ্যোগ।
বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের (বিএফএফ) আয়োজনে ২৭ আগস্ট ঢাকার টিচার্স ট্রেনিং কলেজে অনুষ্ঠিত হবে বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড। এ ছাড়া ২৩ ও ২৪ সেপ্টেম্বর ঢাকার ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে অনুষ্ঠিত হবে শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেস।
মুহম্মদ জাফর ইকবাল বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির সভাপতি। সংবাদ সম্মেলনে তিনি সায়েন্স অলিম্পিয়াড ও বিজ্ঞান কংগ্রেসেরবিভিন্ন বিষয় তুলে ধরেন।