ভালো ভবন ভেঙে নতুন ভবন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর উপপরিচালকের কার্যালয় প্রাঙ্গণের ব্যবহারের উপযোগী ভালো ভবন ভেঙে নতুন একটি দ্বিতল ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। দ্বিতীয় শস্য বহুমুখীকরণ প্রকল্প (এসসিডিপি) পরিচালকের ইচ্ছায় সরকারি সম্পদ ধ্বংসের আয়োজন করা হচ্ছে বলে জানা গেছে। দু-এক দিনের মধ্যে ওই ভবনটি ভাঙার জন্য দরপত্র আহ্বান করা হবে।
অথচ কৃষি সম্প্রসারণ কার্যালয় প্রাঙ্গণের ৩০ দশমিক ৭৮ শতক খালি জায়গা পড়ে রয়েছে। ওই জায়গায় নতুন ভবন নির্মাণের কথা হলেও প্রকল্প পরিচালক (পিডি) হামিদুর রহমান বিষয়টি আমলে নেননি। এতে খোদ উপপরিচালকের কার্যালয়ের কর্মকর্তারা ক্ষুব্ধ হয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে হামিদুর রহমান দাবি করেন, ‘ভবনটি কোথায় নির্মাণ করা হবে, সেটি প্রকল্প পরিচালকের সিদ্ধান্তের বিষয় নয়। এটি কৃষি সম্প্রসারণের স্থানীয় উপপরিচালক ও গণপূর্ত অধিদপ্তরের সিদ্ধান্তের বিষয়। তাদের মতামতের ভিত্তিতে পুরোনো ব্যবহার অনুপযোগী ভবন ভেঙে পশ্চিমমুখী করে নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
এ ব্যাপারে গণপূর্ত অধিদপ্তর যশোরের নির্বাহী প্রকৌশলী গোলাম সরোয়ার বলেন, ‘পুরোনো ভবনটি আমাদের পরিত্যক্ত ঘোষণা করতে বলেছিল। কিন্তু আমরা দেখেছি, ভবনটি পরিত্যক্ত হওয়ার যোগ্য নয়। ভবনটি এখনো ব্যবহারের উপযোগী। যে কারণে আমরা জানিয়ে দিয়েছি, ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা যাবে না। যদি ওই জায়গাতেই নতুন ভবন নির্মাণ করতে হয়, তাহলে নিলাম মূল্য নির্ধারণ করে ভবনটি ভাঙতে হবে।’
গত বৃহস্পতিবার সরেজমিনে দেখা গেছে, এক হাজার ৬২০ বর্গফুটের টিন শেডের ওই ভবনে পোকামাকড়ের একটি মিউজিয়াম রয়েছে। উপপরিচালকের কার্যালয়ের হিসাব শাখা ও এসসিডিপি প্রকল্পের দাপ্তরিক কার্যক্রম চালানো হচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা বলেন, নতুন ভবনটি পশ্চিমমুখী সদর করে নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু পশ্চিমমুখী ভবনে আলো-বাতাস কম থাকে। ঘর প্রচণ্ড উত্তপ্ত থাকে। ফাঁকা জায়গায় উত্তর-দক্ষিণমুখী করে ভবনটি নির্মাণ করলে সবদিক দিয়ে ভালো হবে।
এ ব্যাপারে হামিদুর রহমান বলেন, ভবিষ্যতে কোনো ভবন নির্মাণের জন্য খালি জায়গাটি রাখা হয়েছে। চারতলা ভিত্তির ওপর নতুন দ্বিতল ভবন করা হবে। প্রতিটি তলা হবে দুই হাজার ৭০০ বর্গফুটের।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর কার্যালয় সূত্রে জানা গেছে, গত ১১ মে জেলা প্রশাসকের সভাপতিত্বে কালেক্টরেট ভবনের সভাকক্ষে যশোর জেলা নিলাম কমিটির বৈঠক হয়। ওই বৈঠক থেকে পুরোনো ভবনের নিলাম মূল্য নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়। ইতিমধ্যে নিলাম মূল্য নির্ধারণ করা হয়েছে। দু-এক দিনের মধ্যে নিলামের দরপত্র আহ্বান করা হবে।
এসসিডিপি প্রকল্প সূত্রে জানা গেছে, কৃষক পরিবারের আয়, উচ্চমূল্যের ফসলের আবাদ, খাদ্যনিরাপত্তা ও পুষ্টিকর খাদ্যের জোগান বাড়াতে দেশের দক্ষিণ-পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলের ২৭ জেলার ৫২ উপজেলায় এ প্রকল্পের কার্যক্রম চলছে। সরকার, এশীয় উন্নয়ন ব্যাংক ও প্রান্তিক জনগোষ্ঠীর অংশীদারত্বের ভিত্তিতে ৩৪৯ কোটি ৭৮ লাখ টাকার এ প্রকল্প ২০১০ সালের জুন মাসে শুরু হয়েছে। ২০১৬ সাল নাগাদ কাজ শেষ হবে। প্রকল্পের আওতায় ১১ জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকের কার্যালয়ে নতুন ভবন নির্মাণ ও অবশিষ্ট ১৬ জেলার কার্যালয় মেরামত করা হবে।