
গেন্ডারিয়া বিখ্যাত ‘সীমান্ত গ্রন্থাগার’-এর জন্য। এখানে ব্যক্তি উদ্যোগে প্রতিষ্ঠিত আরও একটি গ্রন্থাগার আছে। নাম ‘কামাল স্মৃতি পাঠাগার’। দীননাথ সেন রোডে।
১৯ বছরের এক তরুণ, নাম মোস্তফা কামাল মোহাম্মদ ইসমাইল, গেন্ডারিয়ারই বাসিন্দা। চারু ও কারুকলা মহাবিদ্যালয়ের ছাত্র ছিলেন। ডেটলাইন ১৯৭৯ সালের ৩০ সেপ্টেম্বর। প্রাপ্ত তথ্যমতে, মোস্তফা কামাল বন্ধুদের সঙ্গে গিয়েছিলেন প্রমত্তা বুড়িগঙ্গায় সাঁতার কাটতে। আর তাঁর খোঁজ মেলেনি। বলা হয়ে থাকে, বুড়িগঙ্গায় সলিলসমাধি হয়েছে মেধাবী এই তরুণের। এই কামাল হলেন অধ্যাপক হায়াৎ মামুদের ছোট ভাই। আর তাঁর নামেই এই পাঠাগার।
মূলত এই পরিবারের উদ্যোগেই অল্প কিছু বই নিয়ে ১৯৮৭ সালে পাঠাগারটির যাত্রা শুরু, বাঁশের বেড়ার ওপরে টিনের ছাউনি দেওয়া ঘরে। এখন অবশ্য তিনতলা ভবনের নিচতলায় মাঝারি আকৃতির একটি ঘর পেয়েছে পাঠাগারটি।
পাঠাগারটি জড়িয়ে রয়েছে গেন্ডারিয়া কিশলয় কচি-কাঁচার মেলা নামের একটি শিশু-কিশোর সংগঠনের সঙ্গে, যার জন্ম ১৯৭২ সালে। কামাল স্মৃতি পাঠাগার কিশলয়েরই একটি শাখা। আর কিশলয় হলো রোকনুজ্জামান খান দাদাভাই প্রতিষ্ঠিত কেন্দ্রীয় কচি-কাঁচার মেলার শাখা সংগঠন।
১৭ সেপ্টেম্বর সকালে গেন্ডারিয়া কিশলয়ের কার্যালয়ে গিয়ে একধরনের প্রশান্তিবোধ হয়। তখনো ঈদুল আজহার ছুটি চলছে। তিনতলা ভবন, বেশ একটু মাঠ, একদিকে শিশুদের খেলার জায়গা। নানা ধরনের গাছ—নারকেল, নিম, কদম, দেবদারু, সেগুন, মেহগনি। একটু ভেতরে কামাল স্মৃতি পাঠাগার।
জানা গেল, কিশলয় ললিতকলা, চারুকলা মিলিয়ে এখানে শিক্ষার্থীর সংখ্যা দুই হাজারের কাছাকাছি। প্রতিষ্ঠানটি বলে থাকে, গেন্ডারিয়ার এমন কোনো পরিবার পাওয়া যাবে না, যাদের ছেলেমেয়েরা কোনো না কোনো সময় কিশলয়ে পড়েনি।
পাঠাগারে কাগজকলমে বইয়ের সংখ্যা তিন হাজারের কিছু বেশি। শিশুতোষ বইয়ের প্রাধান্য বেশি। ১৯৮৮ সালের বন্যায় ভেসে গেছে অনেক বই। ’৯৮-এর বন্যায়ও প্রভূত ক্ষতি হয়েছে।
গেন্ডারিয়ার বাসিন্দা শিল্পী রায়। তাঁর মেয়ে আট বছরের সুষমা কিশলয়ের নৃত্য ও আবৃত্তি বিভাগের শিক্ষার্থী। শিল্পী রায় মুঠোফোনে বলছিলেন, ‘কামাল স্মৃতি পাঠাগারে বই পড়ার পরিবেশ ভালো। তবে বই যদি বাসায় নিতে পড়তে পারতাম, তাহলে আরও উপকৃত হতাম।’
পাঠাগারটির কিছু বই বাঁধাইয়ের অভাবে পড়ার প্রায় অযোগ্য হয়ে পড়েছে। ঈদের ছুটির বন্ধে ধুলো-ময়লাও জমেছে। জানতে চাইলে পাঠাগারের দায়িত্বে থাকা নুসরাত ইয়াসমিন গত বৃহস্পতিবার বললেন, ‘আমাদের লক্ষ্য শিশু-কিশোর পাঠক। আমরা তাদের উপযোগী বই কেনার জন্য তালিকা করেছি। শিশু একাডেমি ও বাংলা একাডেমির সঙ্গে কথা হয়েছে। খুব শিগগির বইগুলো কেনা সম্ভব হবে। বইতে এখন কোনো ধুলো-ময়লা নেই। নিয়মিত সাফসুতরো করা হয়।’
পাঠাগারে বসে যুগ্ম পরিচালক আবু তাহের বললেন, তাঁদের এখানে কিশলয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের চাপ এত বেশি যে বাইরের পাঠকদের জায়গা দেওয়া সম্ভব হয় না। ছেলেমেয়েরা ভেতরে জায়গা না পেলে বই নিয়ে লনে বসে যায়। খুব শিগগির পাঠাগারটির একটি অংশ দোতলায় সম্প্রসারণ করা হবে। আর ছেলেমেয়েদের লাইব্রেরি কার্ড দেওয়া হবে। তাদের ইচ্ছা মুক্তিযুদ্ধের ওপরে প্রকাশিত সব বই সংগ্রহ করা।
বর্তমানে কিশলয়ের পরিচালক হিসেবে আছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক এ এম শফিউর রহমান। তিনি বললেন, বেশ কয়েক বছর ধরেই স্থানীয় কিছু ভূমিদস্যু কিশলয়ের জায়গা দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এক ব্যক্তি এখানকার জমির কিছু অংশ দখলেও রেখেছেন। তাঁকে ইন্ধন দিচ্ছে একটি সুবিধাভোগী শ্রেণি। শিশুদের এই সংগঠনটি রক্ষায় পাশে থাকার লড়াইয়ে স্থানীয় সব মানুষের সমর্থন কামনা করছেন তাঁরা।