ভালো মানুষ নিষ্ক্রিয় হলে দেশের বেশি ক্ষতি হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার নাসিরউদ্দীন আহমেদ বলেছেন, খারাপ মানুষ দেশের যত না ক্ষতি করে, একজন ভালো মানুষ নিষ্ক্রিয় থাকলে তার চেয়ে বেশি ক্ষতি হয়, দেশ পিছিয়ে পড়ে। তাই শুধু ভালো মানুষ হলেই চলবে না, ভালো মানুষ হওয়ার পাশাপাশি দেশ ও সমাজের জন্য কাজও করতে হবে।
দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনের প্রত্যয়ে গতকাল রোববার নীলফামারীর সৈয়দপুর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গঠিত সততা সংঘের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দুদক কমিশনার নাসিরউদ্দীন এসব কথা বলেন। সৈয়দপুর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে ওই সমাবেশের আয়োজন করা হয়। দুদক, সমন্বিত জেলা কার্যালয়, দিনাজপুরের সহযোগিতায় সৈয়দপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এর আয়োজন করে।
সমাবেশে সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন দুদক ঢাকা প্রধান কার্যালয়ের পরিচালক (প্রতিরোধ ও গণসচেতনতা) মো. মনিরুজ্জামান, রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক আবদুল আজিজ ভূঁইয়া ও সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু ছালেহ মো. মুসা জঙ্গী। স্বাগত বক্তব্য দেন সহসভাপতি অধ্যক্ষ মো. হাফিজুর রহমান।
আলোচনায় অংশ নেন দুদক সমন্বিত জেলা কার্যালয়, দিনাজপুরের উপপরিচালক মো. আবদুল করিম, সৈয়দপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. জিয়াউর রহমান, সৈয়দপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাকির হোসেন, সততা সংঘ, লায়ন্স স্কুল কমিটির সদস্য আদিলা ইবনাত, লায়ন্স কলেজ কমিটির সদস্য মো. তানজিম ইসলাম প্রমুখ।
পরে নাসিরউদ্দীন দুর্নীতি প্রতিরোধে সততা সংঘের সদস্য শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করান এবং তাদের মধ্যে দুদকের শিক্ষা উপকরণ ও মেডেল বিতরণ করেন। এর আগে শিক্ষামূলক একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।
গোটা অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের জ্যেষ্ঠ সহকারী শিক্ষক মো. হাছেদুল ইসলাম ও সহকারী শিক্ষক রাজিয়া সুলতানা ফারহানা।