ভালো মানের আলুবীজ-সংকটে চাষি
আলুর উৎপাদন এলাকা হিসেবে পরিচিত বগুড়া ও জয়পুরহাট জেলায় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) প্রত্যায়িত আলুবীজের জন্য হাহাকার পড়ে গেছে। মানসম্পন্ন আলুবীজ কেনার জন্য দুই জেলার কৃষকেরা ছুটছেন বিএডিসির নির্ধারিত ডিলারের কাছে। কিন্তু লাভ হচ্ছে না। বিএডিসির আলুবীজ সংগ্রহ করতে না পেরে দিশেহারা হয়ে পড়েছেন এসব কৃষক।
বগুড়া জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, চলতি মৌসুমে জেলায় প্রায় ৬২ হাজার হেক্টর জমিতে আলুচাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১২ লাখ ১৬ হাজার ৩৩৫ মেট্রিক টন। বগুড়া জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক আবদুর রহিম বলেন, ৬২ হাজার হেক্টর জমিতে আলু চাষের জন্য এ মৌসুমে কৃষকদের ৯০ হাজার মেট্রিক টন আলুবীজ প্রয়োজন। এর মধ্যে বিএডিসি মাত্র দুই হাজার মেট্রিক টন আলুবীজ সরবরাহ করেছে।
বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি-বীজ) বগুড়ার আঞ্চলিক কার্যালয় সূত্র জানায়, এ কার্যালয় থেকে বগুড়া ও জয়পুরহাট জেলায় অনুমোদিত দেড় শতাধিক ডিলারের মাধ্যমে বীজ বিপণন করা হয়। এবার দুই জেলায় বিএডিসির আলুবীজের চাহিদা ছিল মোট দেড় লাখ মেট্রিক টন। অথচ দুই জেলায় ডিলার ও কৃষকদের মাঝে সরবরাহের জন্য বিএডিসি থেকে বরাদ্দ মিলেছে মাত্র ৩ হাজার ১৭৪ মেট্রিক টন।
এবার বিএডিসির সরবরাহ করা কার্ডিনাল, ডায়মন্ড, অ্যাস্টারিকস ও ক্যারেজ জাতের প্রতি কেজি আলুবীজের দাম ২৮ থেকে ৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। আর গ্র্যানুলা জাতের আলুবীজ প্রতি কেজি ২৪ থেকে ২৬ টাকা রাখা হয়েছে।
কৃষকদের অভিযোগ, ডিলারদের কাছ থেকে সরকার-নির্ধারিত দামে আলুবীজ মিলছে না। অধিকাংশ ডিলার ৩৫ থেকে ৪০ টাকা কেজি দরে বীজ বিক্রি করছেন।
কালাই উপজেলার মোলামগাড়ি বাজারের বিএডিসির ডিলার মিজানুর রহমান বলেন, ‘এলাকার কৃষকেরা আমার কাছে এবার ৬০০ মেট্রিক টন বিএডিসির বীজের আগাম চাহিদা দিয়েছিল। কিন্তু বিএডিসি থেকে আমি মাত্র কয়েক টন বীজ বরাদ্দ পেয়েছি। ফলে বহু কৃষক বীজ না পেয়ে আমার গুদাম থেকে ফিরে গেছেন।’ বগুড়ার শিবগঞ্জ উপজেলার ঝালখুর গ্রামের চাষি নাজমুল হোসেন বিএডিসির এক টন আলুবীজের জন্য দুই সপ্তাহ ধরে ডিলার আর বিএডিসির গুদামে ধরনা দিচ্ছেন। কিন্তু এক কেজি বীজও তিনি পাননি।
বিএডিসি (বীজ) বগুড়ার উপপরিচালক আবদুর রহমান বলেন, বগুড়া ও জয়পুরহাটে বীজ সংরক্ষণের জন্য আলাদা কোনো বিশেষায়িত হিমাগার নেই। সাধারণ হিমাগারে সংরক্ষিত বীজ দিয়ে ফলন ভালো হয় না। তাই কৃষকেরা বিশেষায়িত হিমাগারে সংরক্ষিত বিএডিসির বীজ সংগ্রহে অত্যন্ত আগ্রহী থাকেন। কিন্তু নানা সীমাবদ্ধতায় বিএডিসি থেকে চাহিদার ন্যূনতম বীজ সরবরাহ সম্ভব হয় না।