>সুপ্রিম কোর্ট চত্বর থেকে গত বৃহস্পতিবার রাতে আলোচিত ভাস্কর্যটি সরিয়ে ফেলা হয়েছে। হেফাজতে ইসলামসহ কয়েকটি ধর্মভিত্তিক সংগঠন এটি সরিয়ে ফেলার দাবি জানিয়ে আসছিল। প্রথম আলোর কাছে ভাস্কর্যটি সরিয়ে ফেলার প্রতিক্রিয়া জানিয়েছেন সরকারের মন্ত্রী ও বিশিষ্টজনেরা
সুপ্রিম কোর্টের সামনের ভাস্কর্য অপসারণের ঘটনা ভালো লক্ষণ নয়। আগে হেফাজতের দাবিতে পাঠ্যপুস্তকে পরিবর্তন করা হয়েছে। এভাবে চলতে থাকলে তাদের দাবি বাড়তে থাকবে। তারা সামাজিক শক্তি থেকে রাজনৈতিক শক্তিতে পরিণত হবে। অবশ্য আমরা বুঝতে পারছি তারা ক্রমেই একটি রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হতে চলেছে। তারা যে ১৩ দফা দাবি দিয়েছিল, তা ছিল রাজনৈতিক দাবি। এখন ভাস্কর্য অপসারণের ফলে তাদের শক্তি বাড়তে থাকবে। তারা অন্যান্য ভাস্কর্য অপসারণের দাবি করবে। এবং হয়তো একসময় দেশে ভাস্কর্য নিষিদ্ধ করারই দাবি তুলবে।
বাংলাদেশ একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। আমরা মনে করি, এসব ঘটনার ভেতর দিয়ে রাষ্ট্রের মূল সামাজিক কাঠামোর ওপরে আঘাত করা হচ্ছে। আমরা এর প্রতিবাদ জানাই।
সিরাজুল ইসলাম চৌধুরী: লেখক, ইমেরিটাস অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়।