ভালো হতে তিন মাস সময় দিল দুদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাথমিক শিক্ষার বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনা দূর করতে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের তিন মাস সময় দিলেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামে এক অনুষ্ঠানে তিনি বলেন, প্রাথমিক শিক্ষা নিয়ে দুদকের কাছে বস্তায় বস্তায় অভিযোগ এসেছে। অভিযোগের পাহাড় জমলেও আগামী তিন মাস দুদক এসব অভিযোগে হাত দেবে না। তিন মাস পর যদি নতুন করে আর কোনো অভিযোগ না আসে, তাহলে পুরোনো অভিযোগগুলো ফেলে দেওয়া হবে।
অভিযোগের বিবরণ দিতে গিয়ে সভায় দুদক চেয়ারম্যান বলেন, শিক্ষকদের পেনশনের কাগজপত্র তৈরি, বদলি, নারী শিক্ষকদের মাতৃত্বকালীন ছুটি, অর্জিত ছুটি অনুমোদনসহ বিভিন্ন ক্ষেত্রে শিক্ষা কর্মকর্তাদের ঘুষ দিতে হয় বলে তাঁরা অভিযোগ পেয়েছেন। এ ছাড়া প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার খাতা মূল্যায়নে অনিয়মের পাশাপাশি কোনো কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের কাছ থেকে অনৈতিক সুবিধা নিয়ে প্রকৃত ফলাফল পরিবর্তন করে দেওয়ার অভিযোগও রয়েছে। কিছু কিছু শিক্ষক বিদ্যালয়ে উপস্থিত না থেকে প্রাইভেট পড়ানো বা ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকছেন। তাঁদের কাছ থেকে অনৈতিক সুবিধা নিয়ে দেখেও না দেখার ভান করে থাকেন অনেক কর্মকর্তা।
নগরের পিটিআই মিলনায়তনে ‘প্রাথমিক শিক্ষায় সুশাসন নিশ্চিতকরণে চট্টগ্রাম বিভাগের মাঠপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে দুর্নীতি প্রতিরোধবিষয়ক মতবিনিময় সভায়’ প্রধান অতিথি ছিলেন দুদকের চেয়ারম্যান। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ সভার আয়োজন করে।
সভায় দুদক চেয়ারম্যান যখন একের পর এক অভিযোগের বিবরণ দিচ্ছিলেন, তখন উপস্থিত শিক্ষা কর্মকর্তাদের কেউ কেউ ‘না’ বলে প্রতিবাদ করেন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. আবু হেনা মোস্তফা কামালের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আসিফ-উজ-জামান প্রমুখ।