ভালোবাসা দিবসে রাজউক ভবনে পরিচ্ছন্নতা কার্যক্রম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব ভালোবাসা দিবসে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) পরিচ্ছন্নতা কর্মসূচিকে সমর্থন করে নিজ ভবনে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়েছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীরা। গতকাল রোববার রাজউক চেয়ারম্যান জি এম জয়নাল আবেদীন ভূঁইয়ার নেতৃত্বে এই পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়।
কার্যক্রমে অংশ নিয়ে রাজউকের চেয়ারম্যান বলেন, ‘আমরা সবাই ঢাকা শহরকে ভালোবাসি। আমাদের এই ভালোবাসার শহরকে আমরা বাসযোগ্য করে গড়ে তুলতে চাই। এ জন্য ময়লা-আবর্জনা যেখানে-সেখানে না ফেলে নির্দিষ্ট স্থানে এবং নির্ধারিত সময়ে ফেলতে হবে।’ তিনি আরও বলেন, রাজউক প্রথম নিজেদের আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখবে। একই সঙ্গে শহরকে পরিচ্ছন্ন রাখতে সিটি করপোরেশনকে সার্বিকভাবে সহযোগিতা করবে। চেয়ারম্যান বলেন, আগের নিজের ঘর পরিষ্কার রাখতে হবে। আমরা সেই কাজটি শুরু করছি। এ ব্যাপারে রাজউকের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীকে যার যার অবস্থান থেকে ভূমিকা পালনের জন্য আহ্বান জানান তিনি।
এর আগে ১৬ জানুয়ারি মালিবাগে রাজউক অফিসার্স কোয়ার্টারে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন রাজউকের চেয়ারম্যান। ওই সময় রাজউকের বিভিন্ন শ্রেণীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গতকাল দিলকুশা এলাকায় রাজউক ভবনে পরিচ্ছন্নতা কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজউকের সদস্য (প্রশাসন) আকতারুজ্জামান, সদস্য (উন্নয়ন) আবদুর রহমান, পরিচালক (প্রশাসন) দুলাল কৃষ্ণ সাহাসহ আরও
অনেকে। রাজউকের কর্মকর্তারা সবাই পরে নিজ নিজ কক্ষ পরিষ্কার করেন।