ভালোবাসা দিবসে স্কুলশিশুদের পাশে
অভাবের কারণে স্কুলের পোশাক কিনতে পারেনি ৩০ জন শিক্ষার্থী। এ জন্য শিক্ষকেরা চোখ রাঙাতেন। ফলে স্কুলে অনিয়মিত হয়ে পড়েছিল ওই শিক্ষার্থীরা। গতকাল রোববার বিশ্ব ভালোবাসা দিবসে তাঁদের হাতে পোশাক তুলে দিয়েছেন এক নারী।
এ ঘটনা ঘটেছে ফরিদপুর সদর উপজেলার কোমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। ওই নারীর নাম জয়গুন বেগম। তিনি ওই স্কুলের ব্যবস্থাপনা কমিটির সদস্য। এলাকায় বাল্যবিবাহ প্রতিরোধেও কাজ করে যাচ্ছেন জয়গুন। ২০১৪ সালে জয়িতা পুরস্কার পান তিনি।
গতকাল সকাল সাড়ে ১০টার দিকে অম্বিকাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কুদ্দুসুর রহমান উপস্থিত থেকে শিশুদের হাতে নতুন পোশাক তুলে দেন। সেখানে স্কুলের ব্যবস্থাপনা কমিটির সভাপতি জাহাঙ্গীর মণ্ডল বলেন, ‘জয়গুন মহৎ উদ্যোগ নিয়েছে। এই শিশুরা আবার স্কুলমুখী হবে।’
জয়গুন বেগম বলেন, ‘বিশ্ব ভালোবাসা দিবস পালন উপলক্ষে আমার মনে হলো ভালোবাসা শুধু ব্যক্তিগত সম্পর্কে আটকে রাখার বিষয় নয়। আমি যে স্কুলের সঙ্গে জড়িত, সেই স্কুলকে কেন ভালোবাসব না। মনে হলো স্কুলে যেসব দরিদ্র শিক্ষার্থীর পোশাক কেনার পয়সা নেই, তাদের পোশাক দেব। স্কুলের শিক্ষকদের সঙ্গে কথা বলে ৩০ জন শিক্ষার্থীর তালিকা সংগ্রহ করি। তারপর দরজি দিয়ে সবার মাপ নিয়ে পোশাক বানিয়ে দিই। শিক্ষার্থীদের পোশাক দেওয়ার মতো সামর্থ্য আমার নেই। কিন্তু মনের তাগিদ থেকে সমিতি থেকে ঋণ নিয়ে এ ব্যবস্থা করি।’
পোশাক পেয়ে খুশি দ্বিতীয় শ্রেণির ছাত্রী সুমাইয়া। সে বলে, ‘মাকে নিয়ে খালার বাসায় থাকি। স্কুলের পোশাক কেনার পয়সা নেই। আজ পোশাক পেয়েছি। এখন থেকে নিয়মিত ক্লাস করব। পোশাক না থাকায় স্যারেরা আর বকতে পারবেন না।’
তৃতীয় শ্রেণির ছাত্র শাকিলের মা সুফিয়া বেগম বলেন, ‘খুব খুশি হয়েছি ছেলে স্কুলের নতুন পোশাক পেয়েছে। আর ওর মুখে স্কুলে না যাওয়ার বায়না শুনতে হবে না।’ একই শ্রেণির রিয়াজ ফকিরের মা-বাবা কেউ নেই। থাকে নানির কাছে। রিয়াজের নানি জোহরা বেগম বলেন, ‘জয়গুনকে হাজার শুকরিয়া।’
স্কুলের প্রধান শিক্ষক নজরুল ইসলাম বলেন, ‘১৯৬২ সালে এ স্কুল স্থাপিত হয়। আমার জানামতে, এ জাতীয় উদ্যোগ স্কুলে এই প্রথমবারের মতো নেওয়া হলো। জয়গুনের জন্য আমার স্কুলের শিশুরা পোশাক পেল।’
২০১২ সালে অম্বিকাপুর ইউনিয়ন পরিষদের ৯, ১০ ও ১১ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য নির্বাচিত হন জয়গুন। অষ্টম শ্রেণির গণ্ডি পেরোনো এ নারী শিক্ষা অর্জনের জন্য উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন। প্রশিক্ষণ নিয়ে মাইক্রোবাস চালানো শিখেছেন। নারী ঠিকাদার হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
গত বছরের ১৫ মার্চ প্রথম আলোয় ‘একজন জয়গুনের কথা’ শিরোনামে তাঁকে নিয়ে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।