ভালোবাসা দিবসে 'প্রাণসখা ঢাকা'
ঢাকার প্রতি নগরবাসীর ভালোবাসাকে জাগিয়ে তুলতে রোববার ‘বিশ্ব ভালোবাসা দিবসে’ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) শাহবাগে আয়োজন করেছে ‘প্রাণসখা ঢাকা’ অনুষ্ঠানের।
এই আয়োজন উপলক্ষে শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির দিকে মুখ করে তৈরি হচ্ছে মঞ্চ। এ কারণে রোববার সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ওই সড়কে যান চলাচল বন্ধ থাকবে।
দিনভর দেশের শীর্ষস্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্বরা আড্ডা, গল্প, গান আর নাটকের মধ্য দিয়ে ঢাকার প্রতি তাঁদের ভালোবাসা জানাবেন। এই অনুষ্ঠান ধর্ম-বর্ণ-পেশা নির্বিশেষে সব বয়সের মানুষের জন্য উন্মুক্ত। শিশুদের জন্য থাকছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা।
ডিএসসিসির মেয়র সাঈদ খোকন প্রথম আলোকে বলেন, ‘ঢাকা শহরকে প্রিয়জনের মতো ভালোবেসে শহরটা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখি-এই বার্তাটুকুই বিশ্ব ভালোবাসা দিবসে নগরবাসীর কাছে পৌঁছে দিতে চাই। রবীন্দ্রনাথ যেমন বলেছেন, ‘আমরা সবাই রাজা...’, আমিও বলতে চাই আমরা সবাই মেয়র আমাদের এই ঢাকা শহরে। শহর পরিচ্ছন্ন রাখার দায়িত্বও তাই আমাদের সবার।’