১৬ বছর আগে নিকলী সদর বাজারে ভিক্ষা করার সময় হঠাৎ পায়ে হোঁচট খেয়ে পড়ে যান দৃষ্টিপ্রতিবন্ধী মহরম আলী। এ সময় তাঁকে সাহায্য করেন আরেক দৃষ্টিপ্রতিবন্ধী রত্না বেগম। এই পরিচয় থেকে পরিণয়। ১৫ বছর আগে ফাল্গুনের ২ তারিখ তাঁরা বিয়ে করেন। ভালোবাসার আলোয় পথ চলছেন তাঁরা।
এই দম্পতি হলেন কিশোরগঞ্জের নিকলী উপজেলার সদর ইউনিয়নের মহরকোনা গ্রামের বাসিন্দা মো. মহরম আলী (৫৫) ও তাঁর স্ত্রী রত্না বেগম (৩৫)। ভিক্ষা করেই চলে তাঁদের সংসার। মহরমের বাবার রেখে যাওয়া আধা শতাংশ জায়গায় দোচালা একটি টিনের ঘর বেঁধেছেন। তাঁদের দুই ছেলে মো. আতিকুল (৯) ও মো. শাহীন মিয়া (৭) মাদ্রাসায় পড়াশোনা করছে।
মহরম আলী বলেন, সাত বছর বয়সের সময় তাঁর বসন্ত হয়। ওই রোগে তাঁর দুই চোখের দৃষ্টিশক্তি হারিয়ে যায়। অন্ধ হওয়ায় তিনি বাবার অভাবের সংসারে বোঝা হয়ে পড়েন। বাবা মারা যাওয়ার পর ভাইয়েরা ঠিকমতো খাবার দিত না। পরে আলাদা করে দেয়। তখন বাজারে ভিক্ষা করা শুরু করেন তিনি।
আর রত্না বেগম একই ইউনিয়নের টিক্কলহাটি গ্রামের মেয়ে। ১০ বছর বয়সে রত্না জলবসন্তের কারণে ডান চোখ পুরোপুরি নষ্ট হয়ে যায়। বাঁ চোখেও কম দেখেন। নিকলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণি পর্যন্ত পড়েছেন। চোখ নষ্ট হয়ে যাওয়ায় পড়ালেখা আর হয়নি। বাবার সংসারে অভাব থাকায় তিনিও নিকলী সদর বাজারে ভিক্ষা করতে শুরু করেন।
এই দম্পতি বলেন, প্রায় ১৬ বছর আগে নিকলী সদর বাজারে ভিক্ষা করার সময় মহরম আলী হঠাৎ হোঁচট খেয়ে পড়ে যান। এ সময় রত্না বেগমও ভিক্ষা করছিলেন। তিনি মহরমকে মাটি থেকে তোলেন। এরপর তাঁদের মধ্যে পরিচয় হয়। সেদিন তাঁরা দুজনে মিলে একসঙ্গে ভিক্ষা শুরু করেন। প্রথম দিন ভিক্ষা করে ২৬০ টাকা জমেছিল। দুজনে সে টাকা ভাগ করে নেন। এরপর তাঁরা ঠিক করেন এখন থেকে একসঙ্গেই ভিক্ষা করবেন। প্রতিদিন ভিক্ষা করার পর রত্না পথ দেখিয়ে মহরম আলীকে তাঁর বাড়িতে দিয়ে আসতেন। একসময় তাঁদের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। পরিচয়ের এক বছর পর তাঁরা বিয়ে করেন।
রত্না বেগম বলেন, প্রতিদিন ভিক্ষা করে দুজনে যা আয় করেন, তা দিয়ে চারজনের সংসারের খাওয়া-পরা চলে যায়। এ ছাড়া তাঁর স্বামী প্রতি মাসে ৫০০ টাকা করে প্রতিবন্ধী ভাতা পান। সে টাকা জমিয়ে তাঁরা একটি ছোট গরু কিনেছেন।
মহরম আলী বলেন, ‘মেলা দিনের সংসার হলেও কোনো ঝগড়া নাই। কিন্তু কষ্ট লাগে ভিক্ষা করার সময় যখন মানুষে বলে—কানা দুইডা যাইতেছে। তয় আমরা ভালা আছি। আর সবার কাছ থেকে দোয়া ও ভালোবাসা চাই।’