ভালোবাসার টানে মার্কিন তরুণী ঝিনাইদহে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেসবুকে পরিচয় দুই তরুণ-তরুণীর। বন্ধুত্ব থেকে প্রেমের সম্পর্ক। তারপর ঘর বাঁধার স্বপ্ন। তবে তাঁদের মধ্যে বাধা ছিল অনেক। দুই দেশ, ভিন্ন সংস্কৃতি। শেষ পর্যন্ত ভালোবাসারই জয় হয়েছে। তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। ইতিমধ্যে ঘরকন্নাও শুরু করেছেন।
এই দম্পতি হলেন বাংলাদেশের মিঠুন বিশ্বাস ও যুক্তরাষ্ট্রের এলিজাবেথ এসলিক। মিঠুনের বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রাখালগাছি গ্রামে। তিনি একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় (এনজিও) কাজ করেন। এলিজাবেথের বাড়ি ওয়াশিংটনের ওরিয়েন্ট শহরে। সম্প্রতি তিনি স্নাতক সম্পন্ন করেছেন। ২ জানুয়ারি ঢাকায় আসেন এলিজাবেথ। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান মিঠুনের পরিবারের সদস্যরা। তাঁদের বাড়িতে ৯ জানুয়ারি খ্রিষ্টধর্মমতে মিঠুন ও এলিজাবেথের বিয়ে হয়।
সম্প্রতি মিঠুনের গ্রামের বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে কথা হয়। এলিজাবেথের সঙ্গে পরিচয় কীভাবে জিজ্ঞাসা করতেই বললেন, ‘২০১৫ সালের ২৭ মে ফেসবুকের মাধ্যমে এলিজাবেথের সঙ্গে পরিচয়। তখনো জানতাম না তাঁর বাড়ি কোথায়? এক মাস ধরে চেনা-পরিচয়, বন্ধুত্ব। তারপর ধীরে ধীরে ভালো লাগা, প্রেমের সম্পর্ক।’ দুজনই তাঁদের পরিবারের সঙ্গে বিয়ের বিষয়ে আলোচনা করেন। দুই পরিবারই সম্মতি দেয়। কিন্তু বাধা ছিল দূরত্ব। এলিজাবেথ বাংলাদেশে আসার সিদ্ধান্ত নেন।
বিয়ের পর গ্রামের বাড়িতেই থাকছেন তাঁরা। ভিন্ন পরিবেশে আস্তে আস্তে মানিয়ে নিচ্ছেন এলিজাবেথ। এ সম্পর্কে মিঠুন বলেন, ‘এলিজাবেথ ভালোবেসে বাংলাদেশে এসেছেন। এ জন্য তিনি গর্বিত। এ দেশে তাঁর খাবার নিয়ে সমস্যা হচ্ছে। কিছু কিছু বাংলা শিখেছে। পরিবারের অন্যদের সঙ্গে কথা বলছে। দুই বৌদির সঙ্গে তাঁর গভীর মিল হয়েছে।’
বাংলাদেশে আসার আগে কিছুটা শঙ্কা ছিল এলিজাবেথের মনে। তিনি বলেন, ‘এ দেশ সম্পর্কে অনেকে খারাপ ধারণা দিয়েছিলেন। এখন দেখি সেসব সত্য নয়। এই দেশ ভালো লাগছে। মিঠুন ও তাঁর পরিবারের সদস্যদের নিয়ে আমি খুবই খুশি।’
বিদেশি হলেও পুত্রবধূকে পেয়ে খুবই খুশি মিঠুনের মা মায়া বিশ্বাস। তিনি বলেন, ‘অসংখ্য মানুষ তাঁদের দেখতে আসছেন। এটা দেখে ভালো লাগছে। ছেলের শ্বশুরবাড়ি দেখার ইচ্ছা হচ্ছে। কিন্তু আদৌ তা সম্ভব হবে কি না জানি না?’
রাখালগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিদুল ইসলাম বলেন, ‘মার্কিন মুলুকের একটি মেয়ের সঙ্গে এলাকার একটা ছেলের বিয়ে হয়েছে খবর পেয়ে দেখতে গিয়েছিলাম। তাঁদের ভালোবাসার গল্প শুনে ভালো লাগল। ওই তরুণীর যেন কোনো সমস্যা না হয়, সে জন্য নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হচ্ছে।’