ভালোবাসার দিনে পথনাট্যোৎসব

বসন্তের দ্বিতীয় দিনে বিশ্ব ভালোবাসা দিবস। রাজধানীবাসী গতকাল রোববার মজে ছিলেন উৎসবের আমেজে। তার ছটা লাগে উত্তরার বাসিন্দাদের মনেও। উত্তরাবাসীর উৎসবে আলাদা মাত্রা যোগ করে পথনাট্যের পরিবেশনা। উত্তরার ৭ নম্বর সেক্টরের রবীন্দ্র সরণি বটমূলে গীতাঞ্জলি ললিতকলা একাডেমি আয়োজিত থিয়েটার অঙ্গন পথনাট্যোৎসবের শেষ দিন ছিল গতকাল।
দুই দিনব্যাপী উৎসব গত শুক্রবার শুরু হলেও মাঝে সরস্বতী পূজা উপলক্ষে শনিবার উৎসবে ছিল বিরতি। গতকাল সমাপনী দিনের অনুষ্ঠান শুরু হয় সন্ধ্যা ছয়টায় গীতাঞ্জলি ললিতকলা একাডেমির শিল্পীদের সংগীত পরিবেশনার মধ্য দিয়ে।
সমাপনী দিনের প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। এ ছাড়া উপস্থিত ছিলেন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (প্রশাসন এবং অপারেশন) মো. মোখলেসুর রহমান, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ট্রাস্টি বেনজীর আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইমেরিটাস অধ্যাপক রফিকুল ইসলাম।
‘স্বাধীনতা লাগবে গরম গরম স্বাধীনতা। সঙ্গে গণতন্ত্র দেব, ১০০% মেড ইন জিঞ্জিরা।’ এমন সংলাপের মধ্য দিয়ে শুরু হয় সমাপনী দিনের প্রথম নাটক তন্ত্র ও মন্ত্র। প্রবীর দত্ত রচিত ও রফিকুল ইসলাম নির্দেশিত নাটকটি পরিবেশন করে নাট্যপুরাণ। নাটকে হাস্যরসাত্মক বিভিন্ন সংলাপের মধ্য দিয়ে দেশের রাজনীতির নানা দিক তুলে ধরেন শিল্পীরা।
ভালোবাসার দিনে সন্ধ্যার পরে নাটক দেখতে বেশ ভিড় জমে দর্শকদের। দর্শক সারিতে অনেক জুটিও উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইফুল আলম এসেছিলেন বান্ধবীকে নিয়ে। তিনি বলেন, ‘উত্তরায় কোনো সময়ে এমন অনুষ্ঠান হতে দেখিনি। বিভিন্ন উপলক্ষে যদি এমন নাটক, গানের অনুষ্ঠান আয়োজন করা হয়, তা হলে কিছুটা সময় ভালো কাটে।’ ‘মুক্ত করো ভয়, আপনা মাঝে শক্তি ধরো নিজেরে করো জয়’ স্লোগান সামনে রেখে আয়োজন করা হয় এই পথনাট্যোৎসবের। উৎসবের মঞ্চটির নাম রাখা হয় ‘ভাষাসৈনিক কবি মাহবুব উল আলম চৌধুরী মঞ্চ’। উৎসবের দুই দিনই মাহবুব উল আলম চৌধুরীর সহধর্মিণী জওশন আরা রহমান উপস্থিত ছিলেন। উৎসবের আহ্বায়ক মাহবুব আমিন বলেন, এই প্রথম উত্তরাবাসীর জন্য আয়োজন করা হলো পথনাট্যোৎসব। সুস্থ সংস্কৃতির চর্চা ও বিকাশের লক্ষ্যে উত্তরায় নিয়মিত নাট্যোৎসবের আয়োজন করা হবে। এমন নাট্যোৎসবের মধ্য দিয়ে সক্রিয় নাট্যকর্মী গড়ে তোলা হবে।
উৎসবের শেষ দিনে নাটক পরিবেশন করে মহাকাল নাট্যসম্প্রদায়, নাগরিক নাট্যাঙ্গন অনসাম্বল, নাট্যরণ থিয়েটার উত্তরা, সাত্ত্বিক নাট্য সম্প্রদায়। এ ছাড়া উৎসবে নাটক পরিবেশন করে প্রাচ্যনাট, থিয়েটার (আরামবাগ), থিয়েটার অঙ্গন। প্রতিদিন পাঁচটি করে দুই দিনে মোট ১০টি নাটক পরিবেশন করা হয়।